বলিউড ছেড়েছেন বহু বছর। এখন আমেরিকাতেই বসতি, সেখানেই কাজের ব্যস্ততা। তবুও মনের দিক থেকে একেবারে ভারতীয় প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই পরিচয়ের ছাপ স্পষ্ট তাঁর ব্যক্তিগত অভ্যাসেও—বিশেষ করে তাঁর হাতব্যাগে থাকা কিছু জিনিসে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যাগের ভেতরের কথা তুলে ধরেন তিনি। সেখানে যেমন রয়েছে আধ্যাত্মিক ভরসা, তেমনই রয়েছে স্বাস্থ্য-সুরক্ষার জরুরি প্রস্তুতি। প্রিয়ঙ্কা জানান, তিনি প্রায়ই সঙ্গে রাখেন হনুমান চালিশা। তাঁর বিশ্বাস, এই পাঠ তাঁকে কঠিন পরিস্থিতিতে মানসিক শক্তি জোগায় এবং বিপদ থেকে রক্ষা করে।
শুধু তাই নয়, ‘নজর’ বা অশুভ দৃষ্টি থেকে বাঁচতে ব্যাগে থাকে কালো সুতো এবং ‘ইভিল আই’ প্রতীকও। তাঁর কথায়, এই জিনিসগুলি এক ধরনের সুরক্ষা-কবচের মতো কাজ করে।
তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় তাঁর ব্যাগে থাকা এপিপেন। এটি একটি জরুরি ওষুধ—তীব্র অ্যালার্জি বা অ্যানাফাইল্যাক্সিস হলে দ্রুত ব্যবহার করা হয়। প্রিয়ঙ্কা জানান, সম্প্রতি তাঁর একটি অ্যালার্জি ধরা পড়েছে। তাই সব সময় এই ইনজেক্টর সঙ্গে রাখেন। তবে কোন জিনিস থেকে আমার অ্যালার্জি হয়, সেটা প্রকাশ্যে বলতে চাই না। কারণ সেটা বললে যে কেউ আমাকে মেরে ফেলার সুযোগ পেয়ে যেতে পারে।”
এ ছাড়াও তাঁর ব্যাগে থাকে ‘টাইড পেন’—হঠাৎ পোশাকে দাগ পড়লে মুহূর্তে তা মুছে ফেলার সহজ উপায়।
গ্ল্যামার আর গ্লোবাল সাফল্যের আড়ালেও যে একজন মানুষের ব্যক্তিগত ভয়, বিশ্বাস আর সুরক্ষার প্রস্তুতি থাকে—প্রিয়ঙ্কার এই অভ্যাস যেন সেই কথাই মনে করিয়ে দেয়।






