দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিচালিত এই প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রিত হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। HIDCO ও রাজ্যের মুখ্যসচিবের তরফে তাঁর কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তবে যাবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নন দিলীপ। মঙ্গলবার রাতে ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমন্ত্রণ তো রক্ষা করা উচিত। আমি যাব না বলিনি। যেতে চাই। তবে যেতে পারব কি না এখনই বলতে পারছি না।”
তাঁর বক্তব্য অনুযায়ী, বুধবার হাওড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আগেই। সেখান থেকে দিঘা যাওয়ার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।
ওয়াকিবহাল মহল মনে করছে, দিলীপ ঘোষের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে রাজনীতির সূক্ষ্ম হিসাব। আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে তৃণমূল কংগ্রেস বিষয়টিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বলেই মনে করছেন বিজেপি নেতা। ফলে সশরীরে উপস্থিত থেকে রাজনৈতিক সঠিক বার্তা দেওয়ার চেষ্টা তাঁর।
তবে, সরকারের উদ্যোগে মন্দির নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ। তাঁর স্পষ্ট মত, “মন্দির তৈরি সরকার বা রাজনৈতিক দলের কাজ নয়। মন্দির বানিয়ে ভোট পাওয়া যায় না।” উদাহরণ হিসেবে তুলে ধরেছেন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর উত্তর প্রদেশে বিজেপির আসন ও ভোট হ্রাসের প্রসঙ্গ।
দলীয় অবস্থানের বিরুদ্ধে এই মন্তব্য কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের দল আন্দোলনকে সমর্থন করেছিল। কিন্তু অযোধ্যার মন্দির বিজেপি বা ভারত সরকার বানায়নি, তা তৈরি হয়েছে জনসাধারণের পয়সায়।”
দিঘার মন্দির সরকারি অর্থে নির্মিত হওয়ায় প্রশ্ন তুলে দিলীপ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন মন্দির বানিয়ে ভোট পাওয়া যাবে। মুসলিমরা বলছে, মসজিদ চাই। তাহলে কি মসজিদও বানাবেন?”— এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি।







