দিঘার জগন্নাথ মন্দিরে আচমকা পদার্পণ ঘিরে দানা বাঁধছে বিতর্ক। সেই আঁচ গিয়ে পড়ল কোলাঘাটেও। বৃহস্পতিবার, স্ত্রী ও বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে চা-চক্রে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। কিন্তু সেখানে অপেক্ষা করছিল অপ্রত্যাশিত দৃশ্য—নিজ দলের কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হল তাঁকে।
চা-চক্রের জায়গায় হাজির হয়েই দেখতে পান, বিক্ষোভে উত্তাল একদল বিজেপি কর্মী। ‘দিলীপ ঘোষ গো ব্যাক’ স্লোগান, সবুজ কার্পেট খুলে ফেলা, এমনকি শারীরিকভাবে ঘিরে ধরার মতো ঘটনাও ঘটে। জেলা নেতৃত্বকে না জানিয়ে কোলাঘাটে দিলীপের উপস্থিতি ঘিরে ওঠে প্রশ্নের ঝড়। দিলীপ জানান, তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন স্থানীয় এক ব্যক্তি। কিন্তু বিক্ষোভকারীদের দাবি, আমন্ত্রিত ব্যক্তি অন্য বিধানসভার।
রিঙ্কু মজুমদার গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং তাঁর মন্তব্য—”এখন পার্টির মধ্যে তিনটি লাইন চলছে”—ঘি ঢালে আগুনে। কর্মীরা পাল্টা বলেন, “কোনও লাইন নেই, সব ঠিক করে দেওয়া হয়েছে।”
এক কর্মী প্রকাশ্যেই প্রশ্ন তোলেন, “BJP-র মধ্যে থেকে BJP-র বিরুদ্ধেই তো কাজ করছেন!” দিলীপ পাল্টা কটাক্ষ করেন, “কাল বিজেপি-তে এসে আমাকে শেখাচ্ছে!”
মেদিনীপুরে দিলীপের ছবি জুতোর মালা পরিয়ে বিক্ষোভ, কোলাঘাটে প্রকাশ্য বিদ্রোহ—বিজেপির অন্দরেই যেন ঘূর্ণিঝড়! দিলীপ ঘোষের ভাষায়, “নতুনরা এসেছে, তারাই পার্টি দখল করতে চাইছে। দিলীপ ঘোষ সত্যি বলেছে, তাই এত গাত্রদাহ।”
বিজেপির ভিতরেই এই বিভাজন কোন দিকে নিয়ে যাবে দলকে? আপাতত সেই উত্তর সময়ের অপেক্ষা।







