মাধ্যমিকের রেজাল্ট আউট। স্কুল জীবনের প্রথম বড় ধাপ পেরিয়ে এবার পছন্দের বিষয় বেছে নেওয়ার পালা। কি নিয়ে পড়লে সহজেই মিলবে চাকরি, সেই নিয়ে এখন কাটাছেঁড়ায় ব্যস্ত মা-বাবারা। আর এখানেই শুরু হয় স্বপ্ন বনাম বাস্তবের দ্বন্দ্ব।
অনেক ক্ষেত্রেই দেখা যায় ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মা-বাবার চাপে পড়ে অন্য সাবজেক্ট নিয়ে স্কুলে ভর্তি হতে হয় পড়ুয়াদের। এই নিয়েই বিভ্রান্তি কাটাতে বিশেষ পরামর্শ দিলেন অভিজ্ঞ শিক্ষকরা।
উচ্চমাধ্যমিক, মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশনের পরে এখন ছাত্রছাত্রীরা হোটেল এবং হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সকে বেছে নিচ্ছে। এই কোর্স দু’টি পাশ করার পর শুধুমাত্র হাতে সার্টিফিকেট থাকবে না, সঙ্গে থাকবে ভাল একটি চাকরির নিয়োগপত্র। এই কোর্স তৈরি করে দিচ্ছে ভবিষ্যতের রূপরেখাও। এর প্রধান কারণ হল ক্রমেই বেড়ে চলেছে হাসপাতাল, হোটেল এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা। বিশেষ করে অতিমারির সময় থেকে হাসপাতাল এবং অতিমারি-পরবর্তী সময়ে হোটেল এবং হসপিটালিটি সেক্টরে রয়েছে সব থেকে বেশি চাকরির সুযোগ। শুধু দেশে নয়, বিশ্বজুড়েও চাহিদা রয়েছে এই দু’টির।






