উত্তর দিনাজপুরের সোনাডাঙি এলাকায় উদ্ধার, তৃণমূল কর্মীর রক্তাক্ত-নগ্ন মৃতদেহ । মৃত তৃণমূল কর্মীর নাম সুব্রত দেবনাথ ওরফে বাপন । শ্রীমতী নদী থেকে উদ্ধার করা হয় তার দেহ । পরিবারের দাবী খুন করা হয়েছে তাকে ।
তৃণমূল কর্মী সুব্রত দেবনাথ পেশায় গৃহ শিক্ষক ছিলেন, পাশাপাশি একটি বিমা কোম্পানির এজেন্ট হিসেবেও কাজ করতেন । শুক্রবার রাতের খাওয়ার সেরে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুব্রত , কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি । তারপর সকালেই নদী থেকে উদ্ধার হয়, তার রক্তাক্ত , নগ্ন দেহ । শ্রীমতী নদীতে কাদার মধ্যে ওই তৃণমূল কর্মীর দেহ পড়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা । উল্লেখ্য খবর পাওয়া মাত্রই ইটাহার থানার পুলিশ ওই তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় , এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে ।
মৃত সুব্রত দেবনাথের ভাইপো অরিজিৎ দেবনাথ জানান , “রাত একটার দিকে কাকিমা আমায় ফোন করেন। বলেন, কাকু বাড়ি ফেরেননি। আজ সকালে নদীতে কাকুকে মৃত অবস্থায় দেখতে পাই। ছুরি দিয়ে কোপানো হয়েছে। খুন করা হয়েছে। কেন খুন করা হয়েছে জানি না। তবে দোষীর সাজা চাই।”
পাশাপাশি জয়হাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রফিকউদ্দিন শেখ জানান, “রাত সাড়ে আটটার দিকে খাওয়া-দাওয়া করার পর বাড়ি থেকে বেরিয়েছিলেন সুব্রত দেবনাথ। পাশেই একটি কালভার্টের কাছে গিয়েছিলেন। প্রতিদিন সেখানে হাওয়া খেতে যেতেন। সারারাত বাড়ি ফেরেননি। এদিন সকালে প্রতিবেশীরা দেখতে পান, কালভার্ট থেকে ৩০ মিটার দূরে শ্রীমতি নদীতে উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছেন সুব্রত। দোষীরা যাতে কঠোর শাস্তি পায়, তার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছি।”







