ক্রাইমজেলা

কাঁচরাপাড়ার বন্ধ স্কুলে পুলিশি অভিযান, উদ্ধার ১.৭৭ কোটি টাকা; আটক ২

উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনিতে অবস্থিত হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলে রাতভর পুলিশি অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ অর্থ। বীজপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে তালাবন্ধ অবস্থায় থাকা স্কুল ভবনে তল্লাশি চালানো হয়। সেই অভিযানে উদ্ধার হয় মোট ১ কোটি ৭৭ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে খবর, বিপুল পরিমাণ নগদ অর্থ গণনার জন্য তিনটি টাকা গোনার মেশিন আনা হয়। রাতভর চলা গণনা প্রক্রিয়া শেষ হয় বৃহস্পতিবার ভোর প্রায় পাঁচটায়। এরপর উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি স্কুলের ক্যাশিয়ার অভিক নাথ এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট সায়ন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এত বিপুল পরিমাণ নগদ অর্থ স্কুলে কেন এবং কীভাবে রাখা হয়েছিল, তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তাঁরা বলে দাবি পুলিশের।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এলাকার বিধায়ক সুদীপ্ত দাস এবং স্কুলের প্রাক্তন ছাত্র চিকিৎসক অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের দাবি, উদ্ধার হওয়া টাকা কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর। কমল অধিকারী ওই স্কুলের প্রেসিডেন্টও। যদিও এই অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্কুলটি দীর্ঘদিন শিক্ষার কাজে ব্যবহার না হয়ে অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল। অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষের ঘনিষ্ঠ মহলের দাবি, উদ্ধার হওয়া অর্থ ছাত্রভর্তি ও বই বিক্রির টাকা, যা এখনও ব্যাঙ্কে জমা পড়েনি। ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.