জন্মদিনের দিনই মর্মান্তিক ঘটনা । পাঞ্জাবের পাতিয়ালায় নিজের জন্মদিনের কেক খেয়েই মৃত্যু হয় নাবালিকার। মেয়েটির বয়স দশ বছর। পরিবারের দাবি, জন্মদিনে যে কেকটি সে কেটে ছিল, সেটা খেয়ে অসুস্থ হয়ে পড়ে মেয়েটি । আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে নাবালিকা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পরে। মেয়েটির পরিবার জানিয়েছে, জন্মদিনে কেকটি অনলাইনে অর্ডার করা হয়েছিল। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তোলা ছবি,কেক কাটার সময়ও মেয়েটিকে খুবই তরতাজা এবং হাসিখুশি দেখাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তাঁদের নজরে এসেছে। কেক কোথা থেকে এসেছে তা তদন্ত করে দেখা হবে। তাছাড়া নাবালিকার দেহটি ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে। বছরের মেয়েটির নাম মানবী। পরিবারের বয়ানের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে মেয়েটির দাদু বলছেন, ‘আমরা অনলাইনে ৬টায় কেক অর্ডার দিয়েছিলাম, যা ৬.১৫ এ এসে পৌঁছায়। সোয়া ৭টায় কেক কাটে মানবী। তা খেয়ে বাড়ির সবার স্বাস্থ্যের অবনতি হয়। মাথা ঘোরা শুরু করে। মানবী ও তার ছোট বোনেরও বমি শুরু হয়। ছোট বোনের খাওয়া কেক বমি হয়ে বেরিয়ে যায়।’
তিনি বলেন, ‘মানবীও বমি করেছিল কিন্তু কেক বেরোতে পারেনি। দুবার মুখ দিয়ে ফেনা বের হয়। আমরা ভেবেছিলাম এটা সামান্য বমি। এর পর ঠিক হয়ে যাবে। তারপর সে ঘুমিয়ে গেল। এরপর সে উঠে জল চাইল। সে বলে তার গলা শুকিয়ে যাচ্ছে। খুব পিপাসা লাগছে। তারপর সে ঘুমিয়ে গেল। ভোর ৪টার দিকে আমরা দেখি সে ঠান্ডা হয়ে পড়ে আছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। অন্যদিকে অক্সিজেন দেন চিকিত্সকরা। ইসিজি করেন, বলেন সে মারা গেছে।’
মেয়েটির দাদুর অভিযোগ, স্বাস্থ্য দফতর কোনও ব্যবস্থা নেয়নি। তিনি স্বাস্থ্য বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে।







