আইএসএল দ্বৈত সাফল্যের ঠিক পরই বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে মোহনবাগান। ট্রফি ঘরে এলেও মরশুম জুড়ে দল গঠনে কিছু ত্রুটি চোখে পড়েছে ক্লাব কর্তাদের। সেই খামতি পূরণের লক্ষ্যে আগামী মরশুমের দলগঠনের জন্য কষা হচ্ছে নতুন রূপরেখা। যার প্রথম ধাপ, তিন বিদেশিকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা।
তালিকার শীর্ষে রয়েছেন গ্রেট স্টুয়ার্ট। প্রতিভা থাকলেও চোটের ধাক্কায় বারবার ছন্দ হারিয়েছেন এই মিডফিল্ডার। তাঁকে বাদ দিয়ে নতুন বিদেশি ফুটবলারের খোঁজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সবুজ-মেরুন শিবির। ফলে স্টুয়ার্টের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত একপ্রকার চূড়ান্ত বলেই মনে করা হচ্ছে।
রক্ষণভাগের নেতা টম অলড্রেডের ছেড়ে যাওয়াও প্রায় নিশ্চিত। আলবার্তো রডরিগেজের সঙ্গে দুর্দান্ত জুটি গড়লেও আইএসএলের একাধিক দল অলড্রেডকে চুক্তির প্রস্তাব দিয়েছে। ফলে তাঁকে ধরে রাখাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাঁর বিকল্প হিসেবে আর্জেন্টিনার কেভিন সিবিয়ে এবং বসুন্ধরা কিংসের প্রাক্তন তারকা রবসন রবিনহোর দিকে নজর রাখছে ক্লাব।
তৃতীয় বিদেশি হিসেবে বাদ পড়ছেন নুনো রেইস। গোটা মরশুমে তাঁকে সুযোগ দেওয়া হয়নি, কেবল সুপার কাপে নামানো হয়। ফলে তাঁর ছাঁটাইও সময়ের অপেক্ষা। তিন বিদেশিকে ছেড়ে দিয়ে নতুন মরশুমের জন্য আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল গড়তে চাইছে মোহনবাগান, যাতে শিরোপা ধরে রাখার সঙ্গে এএফসি চ্যালেঞ্জেও লড়াই করা যায় সমানতালে।







