রাজনীতিরাজ্য

দিলীপের ছুটি, বিজেপির চুপ! রাজনীতি নাকি বিরতি?

সল্টলেকে শুরু হয়েছে বঙ্গ বিজেপির রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, সৌমিত্র খাঁ সহ একাধিক শীর্ষস্থানীয় নেতা। তবে অনুপস্থিত প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, তাঁকে এই বৈঠকে ডাকা হয়নি।

সোমবারই কলকাতা ছেড়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষ। সঙ্গে রয়েছেন স্ত্রী রিঙ্কু মজুমদার। প্রথমবারের মতো নববধূকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন দিলীপ। সোমবার রাতে ছিলেন খড়গপুরে। মঙ্গলবার সকালে স্থানীয় চা চক্রে যোগ দিয়ে জানান, দুপুরে গোপীবল্লভপুরের বাড়িতে যাবেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। বিকেলে বাইকে করে গ্রাম ঘোরানোর পরিকল্পনাও করেছেন।

এই অবস্থায় দিলীপের ছুটির মেজাজে থাকা ও বৈঠকে অনুপস্থিতি নিয়ে দলের অন্দরে জল্পনা ছড়িয়েছে। সল্টলেকের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল। তবে দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে মন্তব্য করতে রাজি হননি কেউই। শুভেন্দু, অগ্নিমিত্রা, এমনকি সৌমিত্র খাঁও বিষয়টি এড়িয়ে যান।

উল্লেখ্য, সৌমিত্র খাঁ একসময় দিলীপকে ‘যোগী থেকে ভোগী’ বলেও কটাক্ষ করেছিলেন। আজ বলেন, “কে ডাকা হল বা হল না, সেটা মুখপাত্র বলবেন। আমি অনেক সময় ভুল করেছি, শুধরেও নিয়েছি। রাজনীতি বহমান নদী।”

অন্যদিকে, দিলীপ ঘোষ নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন, “তিন বছরে ক’বার বৈঠকে ডাক পেয়েছি? আমি নিজের কর্মসূচি করি, সারাবছর মানুষের পাশে থাকি।”

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কি সত্যিই দিলীপ ঘোষ এখন দলে কোণঠাসা? নাকি নিছকই ছুটির মেজাজ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.