রাজধানী দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে উত্তেজনার মধ্যেই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সোমবার তাঁর বাসভবনে প্রায় ১০ মিনিট ধরে এই বৈঠক চলে।
সিজেপি-র তরফে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ দাস জানান, তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মন দিয়ে শুনেছেন জে পি নাড্ডা। তিনি বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।
তবে সিজেপি প্রতিনিধিদের দাবি, এই বৈঠকে কোনও নির্দিষ্ট প্রতিশ্রুতি বা লিখিত আশ্বাস দেওয়া হয়নি। আপাতত তাঁদের দাবিগুলি সংশ্লিষ্ট স্তরে আলোচনা করা হবে বলেই জানানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার সকাল থেকেই রাজধানীতে সিজেপি-র বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সংসদ ভবনের উদ্দেশে মিছিল এগোতে থাকলে বিভিন্ন জায়গায় পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সেই পরিস্থিতির মধ্যেই নাড্ডার সঙ্গে প্রতিনিধিদের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এখন নজর, এই বৈঠকের পর কেন্দ্রীয় নেতৃত্ব সিজেপি-র দাবিদাওয়া নিয়ে কী পদক্ষেপ করে এবং আগামী দিনে আন্দোলনের কর্মসূচিতে কোনও পরিবর্তন আসে কি না।






