নিজস্ব সংবাদদাতা—
তৃণমূল কংগ্রেসের জেলা সংগঠনের রদবদলে একমাত্র বারাসত সাংগঠনিক জেলা ছিল বাদ। কারণ ছিল অভ্যন্তরীণ মতানৈক্য। সেই জল্পনাই শেষমেশ সত্যি হল। বিজেপি থেকে ফিরে আসা সব্যসাচী দত্তকে এবার বারাসত সাংগঠনিক জেলার চেয়ারম্যান করল তৃণমূল নেতৃত্ব। জেলার সভাপতি হিসেবে থাকছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
মে মাসের মাঝামাঝি সময়ে জেলার বাকি সংগঠনগুলিতে রদবদলের ঘোষণার সময়েই বারাসত বাদ পড়েছিল। সব্যসাচী দত্তকে নিয়ে দলের অভ্যন্তরে মতপার্থক্যের কারণে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। অবশেষে সোমবার তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এল— বারাসতের সাংগঠনিক দায়িত্বে চেয়ারম্যান পদে বসানো হল সব্যসাচীকে।
উল্লেখযোগ্যভাবে, ২০২১-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন সব্যসাচী। ভোটে হেরে ফের তৃণমূলে ফিরে আসেন। তাঁকে বিধাননগর পুরসভার চেয়ারম্যান করে দলে পুনর্বাসন দেওয়া হয়। পরে রানাঘাট উপনির্বাচনের দায়িত্বও দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রায়শ্চিত্ত’ শর্ত থাকা সত্ত্বেও সব্যসাচীর ক্ষেত্রে তা প্রয়োগ হল না কেন?
দলের ঘনিষ্ঠ সূত্রের খবর, সব্যসাচীকে কোনও না কোনও সাংগঠনিক দায়িত্ব দিতে শুরু থেকেই আগ্রহী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেকের আপত্তিতেই এতদিন সিদ্ধান্ত ঝুলে ছিল। এবার সে জট কাটল।
এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে— বারাসত বিধানসভার ভবিষ্যৎ প্রার্থী কি হতে চলেছেন সব্যসাচী? এখনও পর্যন্ত তিনবার এই কেন্দ্র থেকে জিতেছেন অভিনেতা ও বর্তমান বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। বর্তমানে তাঁর বয়স ৬৯। নভেম্বরেই পা দেবেন ৭০-এ। সম্প্রতি তিনি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন রাজনীতি থেকে অবসর নেওয়ার বিষয়ে।
তাঁর বক্তব্য ছিল, “অনেক বছর ধরে মানুষের পাশে ছিলাম, দায়িত্ব পালন করেছি। এবার হয়তো হস্তান্তরের সময় এসেছে।” তিনি জানান, এই ইচ্ছার কথা মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন। ফলে অনেকেই মনে করছেন, এই প্রাক-ঘোষণা এবং সব্যসাচীকে দায়িত্বে আনা— দুটির মধ্যে সুস্পষ্ট যোগসূত্র রয়েছে।
তবে কাকলি ঘোষ দস্তিদার ও সব্যসাচীর সম্পর্ক বরাবরই শীতল বলেই তৃণমূল শিবিরে জোর গুঞ্জন। দুই প্রভাবশালী নেতাকে এক সংগঠনে রেখে তৃণমূল কোন বার্তা দিতে চাইছে, সেটাও এখন আলোচনার কেন্দ্রে।
সবমিলিয়ে, সব্যসাচী দত্তকে ঘিরে বারাসতের রাজনৈতিক আবহে নতুন উত্তাপ। সাংগঠনিক দায়িত্ব নিয়েই কি এবার আসন্ন নির্বাচনের প্রস্তুতি? নাকি আরও বড় চমক অপেক্ষা করছে ভবিষ্যতের জন্য? সময়ই বলবে।







