দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘আমার বস’। এই ছবির মাধ্যমে দীর্ঘ ২২ বছর পর বাংলা ছবিতে ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার। ছবিতে শিবপ্রসাদের মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। গরমের ছুটিতে উইন্ডোজ় প্রোডাকশনের এই ছবি ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তবে, মুক্তির ঠিক আগে একটি অপ্রত্যাশিত খবরে মন খারাপ হতে পারে শহরের একাংশের দর্শকের।
সূত্রে খবর, বেহালার জনপ্রিয় প্রেক্ষাগৃহ অশোকা এবং মেনকা সিনেমা হলে সম্ভবত মুক্তি পাচ্ছে না ‘আমার বস’।
এই প্রসঙ্গে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হল মালিকদের মধ্যে ‘বোঝাপড়ার অভাব’-কে দায়ী করেন। তিনি আক্ষেপের সুরে বলেন, “কিছু হলমালিকদের মধ্যে বোঝাপড়ার অভাবে দুঃখজনক ঘটনাটি ঘটতে চলেছে। অথচ হিন্দি ছবির ক্ষেত্রে এই ধরনের বোঝাপড়ার সমস্যা হয় না।” উদাহরণ হিসেবে তিনি ‘রেড ২’ ছবির সাফল্যের কথা উল্লেখ করেন, যা শহরের একাধিক মাল্টিপ্লেক্সের পাশাপাশি অশোকা ও মেনকাতেও সমানভাবে চলেছে। শিবপ্রসাদের আরও অভিযোগ, এর আগেও তাঁদের ছবি ‘হামি’ মুক্তির সময় নিজের শহরে সাতটি প্রেক্ষাগৃহে জায়গা পায়নি। অশোকা ও মেনকার মতো গুরুত্বপূর্ণ দুটি প্রেক্ষাগৃহে ‘আমার বস’ মুক্তি না পেলে বেহালা, বজবজ, খিদিরপুর এবং ডায়মন্ড হারবারের মতো বিস্তীর্ণ অঞ্চলের দর্শক ছবিটি দেখা থেকে বঞ্চিত হবেন, যা ছবির ব্যবসায়িক দিক থেকেও ক্ষতির কারণ হবে বলে মনে করছেন তিনি।
অন্যদিকে, শোনা যাচ্ছে, প্রথম সপ্তাহের লাভের অংশীদারিত্ব নিয়ে প্রযোজক, পরিবেশক ও হল মালিকদের মধ্যে একটি ফারাক রয়েছে। বাংলা ছবির ক্ষেত্রে লভ্যাংশের ভাগ নাকি ৫০:৫০ হলেও, হিন্দি ছবির ক্ষেত্রে তা ৬০:৪০। এটিও একটি বড় কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে।
তবে, অশোকা ও মেনকা সিনেমা হলের মালিক প্রবীর রায় এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বরং শিবপ্রসাদকে আশ্বস্ত করে বলেন, “আমার তরফ থেকে কোনও সমস্যা নেই। আমি উল্টে শিবুদার জন্য অশোকা হলে প্রাইম টাইম রেখে দিয়েছি। শিবুদাকে আপনাদের মারফত অনুরোধ জানাচ্ছি, দাদা যেন তাঁর পছন্দের সময় বেছে নেন।” প্রবীর ব্যক্তিগতভাবেও এই বিষয়ে শিবপ্রসাদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।
একই সুর শোনা গেল প্রিয়া প্রেক্ষাগৃহের মালিক অরিজিৎ দত্তের গলাতেও। তিনি জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে এবং ‘আমার বস’ ইতিমধ্যেই তাদের একটি স্ক্রিনে জায়গা পেয়েছে। দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে শিবপ্রসাদের সঙ্গে আলোচনা করে আরও একটি শো বাড়ানোর সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে, বেহালা ও মেনকার দর্শক শেষ পর্যন্ত ‘আমার বস’ দেখার সুযোগ পান কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে সিনেমাপ্রেমী মহল। হল মালিক এবং পরিচালকের মধ্যে এই ‘বোঝাপড়া’র অভাব কতদূর গড়ায়, তা সময়ই বলবে।







