খেলাধুলা

২৯ বছর পর সুব্রত কাপে বাংলার জয়, ঝাড়গ্রামের কিশোর ফুটবলারদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

একসময় রোভার্স কাপ, ডুরান্ড কাপ কিংবা আইএফএ শিল্ড ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল প্রবল উন্মাদনা। সময়ের সঙ্গে সেই জৌলুস অনেকটাই ম্লান হয়েছে। রোভার্স কাপের অস্তিত্বও এখন নেই। তবে এখনও ঐতিহ্য ধরে রেখেছে সুব্রত কাপ। আর সেই সুব্রত কাপেই এবার বাংলার মুখ উজ্জ্বল করল ঝাড়গ্রামের মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ।

৬৫তম সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের কিশোর ফুটবল দল। এই সাফল্যের পরই খুদে ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী জানান, ৬৫তম সুব্রত কাপের অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় ঝাড়গ্রামের মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের কিশোর ফুটবলারদের আন্তরিক অভিনন্দন। দীর্ঘ ২৯ বছর পর এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের কোনও দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে দলের ফুটবলার, কোচ এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারী। ভবিষ্যতে এই তরুণ ফুটবলাররা পশ্চিমবঙ্গ তথা দেশের হয়ে আরও বড় সাফল্য অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বেঙ্গালুরুতে আয়োজিত ফাইনালে অসমের কামরূপ মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুলের বিরুদ্ধে মাঠে নামে ঝাড়গ্রামের দলটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-০ গোলে জয় ছিনিয়ে নেয় মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। এই জয়ের সঙ্গেই ২৯ বছর পর সুব্রত কাপে ফের বাংলার কোনও দল চ্যাম্পিয়ন হল।

সম্প্রতি দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ডুরান্ড কাপ জিতেছে ইস্টবেঙ্গল এফসি। পাশাপাশি কলকাতা লিগ নিয়েও চলছে তীব্র লড়াই। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল, মোহনবাগান নাকি অন্য কোনও দল—কার হাতে উঠবে কলকাতা লিগের ট্রফি, তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে সুব্রত কাপে ঝাড়গ্রামের কিশোর ফুটবলারদের এই সাফল্য বাংলার ফুটবলে নতুন আশার আলো দেখাচ্ছে। আগামী প্রজন্মের ফুটবলার তৈরির কাজ যে থেমে নেই, এই জয় তারই প্রমাণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.