সোশ্যাল মিডিয়ায় শনিবার হঠাৎ ছড়িয়ে পড়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান আদিয়ালা কারাগারে মৃত্যুবরণ করেছেন। এমনকি একটি ভুয়ো প্রেস বিজ্ঞপ্তিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, পাকিস্তান সরকার ইমরান খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
খবরে দাবি করা হয়েছে, ইমরান খানকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বিষ প্রয়োগ করে হত্যা করেছে। তবে পাকিস্তানি সরকার ও মিডিয়া এই দাবি সরাসরি অস্বীকার করেছে। পাকিস্তান দাবি করেছে, ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারে নিরাপদেই বন্দি রয়েছেন।
পাকিস্তানের একাধিক গণমাধ্যম এবং ‘পাকিস্তান অবজারভার’ জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী ইমরান খানের মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। তিনি বর্তমানে তাঁর আইনজীবীদের মাধ্যমে জামিনের আইনি পদক্ষেপ গ্রহণ করছেন।
পাকিস্তান এই ভুয়ো খবরের জন্য ভারতীয় ট্রোলদের দায়ী করেছে এবং দাবি করেছে যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে।
তবে এখনো পর্যন্ত পাকিস্তান সরকার বা কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
এই মুহূর্তে ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে নির্ভরযোগ্য ও সরকারিভাবে নিশ্চিত তথ্যের অপেক্ষায় রয়েছে দেশ ও আন্তর্জাতিক মহল।







