শ্রীজগন্নাথ মন্দির প্রশাসন রবিবার সিনিয়র দয়িতাপতি সেবায়েত রামকৃষ্ণ দাস মহাপাত্রকে ৩০ দিনের জন্য সাময়িক বরখাস্ত করল। বরখাস্তের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বরখাস্তের সময়কালে তিনি মন্দির প্রাঙ্গনে প্রবেশ করতে পারবেন না এবং ভগবান জগন্নাথের সেবায়েত হিসেবে কোনও কাজেও অংশ নিতে পারবেন না।
সূত্রের খবর, দিঘার জগন্নাথ মন্দিরে নিম কাঠ ব্যবহারের বিতর্কের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, রামকৃষ্ণ দাস মহাপাত্র পুরীর পবিত্র নিম কাঠ দিঘায় নিয়ে গিয়ে তা দিয়ে মূর্তি তৈরিতে সহায়তা করেছিলেন। যদিও পরে সেই অভিযোগ প্রমাণিত হয়নি। এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে পুরীর শ্রীমন্দির প্রশাসন গত রবিবার প্রায় দেড় ঘণ্টা ধরে রামকৃষ্ণ দাস মহাপাত্রকে জেরা করে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে এবং সেই তদন্তের ভিত্তিতে তাঁকে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাক্ট অনুসারে বরখাস্ত করা হয়।
মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি জানিয়েছেন,”শৃঙ্খলা রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। কেউ মন্দিরের মর্যাদা হানি করলে তা মেনে নেওয়া হবে না।” উল্লেখ্য, রামকৃষ্ণ দাস মহাপাত্র দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং সেখানে নানা অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। তাঁকে ঘিরে বিতর্ক আগেই তৈরি হয়েছিল, এবার এক মাসের জন্য তাঁকে সরিয়ে দেওয়া হল শ্রীমন্দিরের দায়িত্ব থেকে।







