ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের উত্তেজনার মাঝেই রাশিয়ার তরফে এলো চমকপ্রদ প্রস্তাব। রাশিয়া চায় ভারত তাদের সঙ্গে যৌথভাবে তৈরি করুক বিশ্বের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম—এস-৫০০। এই সিস্টেম হাইপারসনিক মিসাইল পর্যন্ত প্রতিহত করতে সক্ষম, যা বর্তমান বিশ্বে একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত এমন ক্ষমতার অধিকারী।
এদিকে ভারত ইতিমধ্যেই এস-৪০০ সিস্টেম মোতায়েন করে ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের হামলার জবাব দিয়েছে। ভারতীয় বায়ুসেনা জানায়, ওই সময় উত্তর ও পশ্চিম ভারতের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা হয়েছিল। জম্মু, শ্রীনগর, পাঠানকোট থেকে শুরু করে ভাতিন্দা, লুধিয়ানা, ভুজ পর্যন্ত অনেক জায়গায় এই আক্রমণ রুখে দেয় ‘সুদর্শন চক্র’ নামে পরিচিত এস-৪০০।
রাশিয়ায় নির্মিত এই সিস্টেম ৬০০ কিমি দূর থেকে টার্গেট ট্র্যাক করতে পারে ও ৪০০ কিমি দূরের শত্রু মিসাইল ধ্বংস করতে সক্ষম। বর্তমানে ভারতের দুটি এস-৪০০ স্কোয়াড্রন মোতায়েন রয়েছে—একটি পাঠানকোটে, অপরটি রাজস্থানে।
২০১৮ সালে ৪০ হাজার কোটি টাকায় পাঁচটি এস-৪০০ কেনে ভারত। এর মধ্যে তিনটি ইতিমধ্যে ভারতে এসে পৌঁছেছে, বাকি দুটি ২০২৬-এর মধ্যে চলে আসবে।
তবে এবার যদি ভারত রাশিয়ার এস-৫০০ যৌথ নির্মাণ প্রস্তাবে সম্মতি দেয়, তাহলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।







