দেশবিদেশ

রবীন্দ্রনাথের পৈতৃক ভিটে ভাঙচুরে উত্তাল বাংলাদেশ, মোদিকে চিঠি মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা:
বাংলা ও বাঙালির আবেগের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে ভাঙচুর! প্রতিবেশী বাংলাদেশে এমনই এক অপ্রত্যাশিত ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দুই বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডল। সিরাজগঞ্জ জেলার কাদিহার সেই ঐতিহাসিক বাড়ি, যেখানে কবিগুরু কাটিয়েছেন তাঁর জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়, মঙ্গলবার রাতে দুষ্কৃতীদের হাতে ক্ষতিগ্রস্ত হয়।

ইন্দো-ইউরোপীয় স্থাপত্যে গড়ে ওঠা এই ভবনের অডিটোরিয়াম পর্যন্ত রেহাই পায়নি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে আসবাব, ক্ষতিগ্রস্ত বহু মূল্যবান জিনিস। বৃহস্পতিবার সকাল থেকে স্থানটি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের পুরাতত্ত্ব বিভাগ। তদন্তে নেমেছে তিন সদস্যের বিশেষ কমিটি। তবে এখনও পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন উঠছে, ঘটনার সময় প্রশাসন কোথায় ছিল?

এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি। চিঠিতে মমতা লিখেছেন, “এই বাড়িটি শুধু একটি কাঠামো নয়, রবীন্দ্রনাথের সৃষ্টির অনুপ্রেরণার আধার। তার উপর এমন আক্রমণ গোটা বাংলা তথা বিশ্ব সংস্কৃতির উপর চরম অবমাননা।”

চিঠির শেষাংশে তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য এবং বাংলাদেশের সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় এই হামলার তীব্র প্রতিবাদ জানানোর জন্য। মমতার মতে, “রবীন্দ্রনাথ শুধু আমাদের নন, গোটা বিশ্বের গর্ব। তাঁর স্মৃতি বিজড়িত প্রতিটি স্থানই আমাদের ঐতিহ্য, আমাদের দায়িত্ব তা রক্ষা করা।”

সিরাজগঞ্জের এই হামলা একদিকে যেমন ব্যথিত করেছে দুই বাংলার মানুষকে, তেমনই আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এখন দেখার, মোদির তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় এবং প্রতিবেশী দেশের সরকার এই ঐতিহাসিক অবমাননার জন্য কী জবাব দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.