বিজেপির সভায় মোবাইল চুরি যেন ‘নতুন স্বাভাবিক’ হয়ে উঠেছে। এবার আর খোলা মাঠ নয়, চুরির ছায়া পড়ল কড়া নিরাপত্তায় মোড়া নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অন্দরেও। রবিবার সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আয়োজিত বিজেপির সাংগঠনিক সভায় চুরি গেল একাধিক মোবাইল ফোন। উপস্থিত ছিলেন রাজ্য, জেলা ও মণ্ডলের নেতারা। আমজনতার প্রবেশ নিষেধ — তবু ঘটল এই অপ্রত্যাশিত ঘটনা।
সভা চলাকালীন হঠাৎ শোরগোল। নেতারা একে একে জানতে শুরু করেন, তাঁদের পকেটে থাকা ফোন উধাও! পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে সঞ্চালক ও বিধায়ক দীপক বর্মনকে মঞ্চ থেকে মাইকে ঘোষণা করতে হয়— “একাধিক কার্যকর্তার মোবাইল মিসিং। কেউ পেলে স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দিন।” এমন ঘোষণা সভার মাঝেই অনন্য নজির।
সূত্রের খবর, অন্তত চার থেকে পাঁচজনের মোবাইল খোয়া গেছে। তাঁদের মধ্যে কয়েকজন নেতৃত্বের কাছে অভিযোগও জানিয়েছেন। বিস্ময়ের বিষয়, সভাস্থলে বাইরের কারও প্রবেশাধিকার না থাকা সত্ত্বেও কীভাবে এমন চুরি ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রীর সভা হোক বা শাহের, এমনকি অভিনেতা মিঠুন চক্রবর্তীর উপস্থিতি থাকা সভাতেও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। তবে কড়া নিয়ন্ত্রণ ও নিরাপত্তার মধ্যেও ইন্ডোর সভা থেকে মোবাইল চুরি হওয়ায় কার্যত অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব।
এই ঘটনা প্রমাণ করে, প্রযুক্তির যুগে ‘নজর এড়ানো’ নয় — বরং নিরাপত্তার বলয় ভেদ করে ‘স্মার্ট চোর’-এরাই এখন বড় চ্যালেঞ্জ!







