এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ ২৪ পরগনার তিলপি গ্রামের এক যুবক। মৃত যুবকের নাম আজিজুর মোল্লা (২২)। পেশায় দর্জি আজিজুর দুপুরে নিজের বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানেই ঘটে অঘটন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে মাছ ধরার সময় একটি কই মাছ ধরে মুখে রেখে তিনি আরও মাছ ধরতে মন দেন। কিন্তু আচমকাই সেই কই মাছটি তার গলার ভেতর ঢুকে যায়। গলা বন্ধ হয়ে প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পেতে থাকেন আজিজুর। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করলেও ততক্ষণে দেরি হয়ে যায়। হাসপাতালেই আজিজুরের মৃত্যু হয়।
এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় পরিবার ও গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একজন তরতাজা যুবকের এমনভাবে প্রাণ হারানোয় সকলেই মর্মাহত।
ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, গলার শ্বাসনালী বন্ধ হয়ে (asphyxia) জনিত কারণেই মৃত্যু হয়েছে।
এই ঘটনা সাধারণ মাছ ধরার সময়ও সতর্ক থাকার বার্তা দিয়ে গেল। জীবনের ঝুঁকি কখন কোথায় এসে দাঁড়াবে, কেউ জানে না।







