রাজ্য

উত্তাল সমুদ্রে বিপর্যয়! রায়দিঘির কাছে গভীর সাগরে ট্রলার ডুবে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৩ মৎস্যজীবী

সমুদ্র ফের গিলতে বসেছিল মানুষের প্রাণ। শুক্রবার দুপুরে রায়দিঘি ঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়লেন একদল মৎস্যজীবী। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় ‘এফবি ভাইভাই’ নামের একটি মাছধরা ট্রলার। প্রাণে বাঁচলেও চরম আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে।

জানা গিয়েছে, ট্রলারটিতে ১৩ জন মৎস্যজীবী ছিলেন। মাছ ধরার কাজ সেরে তারা ঘাটে ফিরছিলেন। জালে উঠেছিল বহু ইলিশ। সেই সময় জম্বুদ্বীপের কাছাকাছি পশ্চিম-দক্ষিণ দিকে প্রবল ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়ে ট্রলারটি। আচমকাই পাটাতনে ফাটল ধরে, জল ঢুকে ট্রলারটি হু হু করে ডুবে যেতে শুরু করে। হতভম্ব হয়ে পড়েন মৎস্যজীবীরা। প্রাণ বাঁচাতে শুরু হয় আর্ত চিৎকার। কাছাকাছি আরও দুটি ট্রলার থাকায় তাঁরা তৎক্ষণাৎ ছুটে আসেন উদ্ধার করতে। দ্রুততার সঙ্গে কার্যকরী পদক্ষেপের জেরে মৎস্যজীবীদের জীবনে রক্ষা পায়।

মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য ইতিমধ্যেই আরও কয়েকটি ট্রলার পাঠানো হয়েছে সাগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই নামখানার কাছেও দুটি ট্রলার একইরকম দুর্ঘটনার শিকার হয়েছিল, যদিও প্রাণহানি হয়নি। পুনরায় এমন ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কে উপকূলের মৎস্যজীবী মহল। প্রশ্ন উঠছে, এত ঘন ঘন ট্রলার ডুবির ঘটনায় কি কোনও নিরাপত্তা ঘাটতি রয়েছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.