জেলা

ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, চাঞ্চল্য রামপুরে

মালদহের রামপুরে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালেই চাঞ্চল্যের সৃষ্টি হয় চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায়। মৃতার নাম নাজেদা পারভিন (২৮)। দুই সন্তানের জননী নাজেদার মৃতদেহ বাড়ির বিছানায় দেখতে পান তার সন্তানরা। এরপর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই নাজেদার স্বামী নাওয়াজ শরীফকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

মৃতার বাপের বাড়ির তরফে অভিযোগ, তাদের মেয়েকে পরিকল্পনা করে খুন করেছে জামাই। যদিও দুপুর পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ জমা হয়নি। নাজেদার বাবা নুরূল ইসলাম বলেন, “আমরা জামাইকে দুই কাঠা জমি দিয়ে ঘর তৈরি করে দিয়েছিলাম। বহুবার আর্থিক সাহায্যও করেছি। কিন্তু এর ফল এত নির্মম হবে ভাবিনি। আমরা তার কঠোর শাস্তি চাই।”

তবে এই খুনের পেছনে আসল কারণ কী, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ। এখনও পর্যন্ত স্বামীর ভূমিকা নিয়েই তদন্তে জোর দিচ্ছে তারা। স্থানীয়দের কথায়, স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হত। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তদন্তে আরও অগ্রগতি হবে।

পরিবারের দাবি, দ্রুত বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি। রামপুরের মতো এক শান্তিপূর্ণ এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.