কৃষ্ণনগর উত্তরে নির্বাচনী লড়াই শুরুর আগেই বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দল ঘোষিত প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন বাতিল হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনের ৯-এ ধারার ভিত্তিতে রিটার্নিং অফিসার এই সিদ্ধান্ত নিয়েছেন, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
প্রশাসনিক সূত্রের দাবি, রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্ভাব্য ব্যবসায়িক যোগসূত্রের কারণেই এই জটিলতা তৈরি হয়েছে। নির্বাচনী নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থীর যদি সরকারের সঙ্গে সরাসরি আর্থিক বা চুক্তিগত স্বার্থ জড়িত থাকে, তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। সেই নিরিখেই অভিনব ভট্টাচার্যের মনোনয়ন খারিজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। অভিনব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে তৃণমূলের সাংগঠনিক স্তরে সক্রিয় ছিলেন। কৃষ্ণনগর উত্তরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে তাঁকে প্রার্থী করা দলের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছিল। শিক্ষিত, স্পষ্টভাষী ও তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য মুখ হিসেবে তাঁর জনপ্রিয়তা ছিল চোখে পরার মতো।
সেই কারণেই কেন্দ্রে তৃণমূলের ভোটব্যাঙ্ক আরও মজবুত হতে পারত বলেই মনে করেছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখযোগ্যভাবে, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রটি বরাবরই রাজনৈতিকভাবে সংবেদনশীল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিরোধী শিবিরের শক্ত উপস্থিতির মাঝেও অভিনব ভট্টাচার্যের পরিচ্ছন্ন ভাবমূর্তি তৃণমূলের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারত। তবে মনোনয়ন বাতিলের ঘটনায় সেই সমীকরণে বড় পরিবর্তন আসতে চলেছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। নতুন প্রার্থী ঘোষণা থেকে শুরু করে আইনি পদক্ষেপ, সব দিকেই নজর থাকছে রাজনৈতিক মহলের।







