‘কমিউনিস্টরা দেশদ্রোহী’—গেরুয়া শিবিরের তরফে এমন অভিযোগ বহুবার উঠেছে। তা নিয়ে বাম ও ডানপন্থীদের মধ্যে বিতর্কও কম হয়নি। এবার সেই বিতর্কেই নতুন মাত্রা যোগ করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রাতারাতি আরশোলারা আর কোথা থেকে আসবে? এসবই তো কমিউনিস্টদের তৈরি। তারাই আরশোলা, ছারপোকাদের তৈরি করে। বামপন্থীদের হাত ধরেই দেশদ্রোহী তৈরি হয়। যারা আন্দোলনের নামে সমাজে অশান্তি সৃষ্টি করে।” তাঁর এই মন্তব্যকে ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
দিলীপ ঘোষের এই মন্তব্যের নেপথ্যে রয়েছে সোমবার বাঁকুড়ার ইন্দাসের ঘটনা। সেখানে ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থক শেখ আবদুল হাফিজের বাড়িতে হামলার ঘটনায় তাঁর বাবার মৃত্যু হয়। ঘটনার পর সোমবার দিল্লি থেকে হাফিজের পরিবারের পাশে দাঁড়াতে বাঁকুড়ায় পৌঁছন ‘ককরোচ’দের অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা-সহ কয়েকজন। তাঁদের সঙ্গে করিশুন্ডা গ্রামে দেখা যায় সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ এবং ময়ূখ বিশ্বাসকেও। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে সাংবাদিক বৈঠক—প্রায় প্রতিটি ক্ষেত্রেই আশুতোষদের পাশে ছিলেন শতরূপরা। হানিফকে ঘিরেও তাঁদের একসঙ্গে দেখা যায়।
শেখ মাফিকের মৃত্যুর প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছিল এসএফআই। করিশুন্ডা গ্রামে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য রাখার সময় শতরূপ ঘোষের কথাতেও উঠে আসে ‘ককরোচ’ প্রতিনিধিদের প্রসঙ্গ।
সিজেপি এবং সিপিএম-এসএফআইয়ের এই ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ‘ককরোচ’ সমর্থকদের একাংশের বক্তব্য, বাংলায় সরাসরি সিপিএম নেতৃত্বের পাশে দাঁড়িয়ে আশুতোষ রাঙ্কাদের সাংবাদিক বৈঠক করতে দেখা যাওয়ায় জেন জি-র কাছে ভুল বার্তা যেতে পারে। এর ফলে তাঁদের মতাদর্শগত অবস্থানেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, যা শেষ পর্যন্ত আন্দোলনের ক্ষতি করতে পারে।
এই ঘটনাকেই হাতিয়ার করে ফের বামপন্থীদের আক্রমণ করলেন দিলীপ ঘোষ। বাঁকুড়ার ঘটনায় সিজেপি প্রতিনিধিদের উপস্থিতির সঙ্গে দিল্লির আন্দোলনের প্রসঙ্গও টেনে আনেন তিনি। তাঁর বক্তব্য, “কমিউনিস্টদের হাত ধরেই রাতারাতি আরশোলা, ছারপোকা তৈরি হয়েছে এবং সমাজে ছড়িয়ে পড়ছে। এসব বামপন্থীদের মাথা থেকেই বেরচ্ছে। এরা ছাত্র আন্দোলনের নামে অশান্তি করছে। দিল্লিতে তো দেখা গিয়েছে কী হয়েছে। তবে আমাদের রাজ্য সরকার সতর্ক রয়েছে। এখানে ওই ধরনের অশান্তি করার চেষ্টা হলে কেউ সফল হবে না। তা রুখে দেওয়া হবে।”







