মাঠের পারফরম্যান্স না, এবার বিতর্কের কেন্দ্রে থেকেও শিরোনামে কাগিসো রাবাডা। কোকেন কাণ্ডে শাস্তি পাওয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা তাঁকে রেখেই ঘোষণা করল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল। সমালোচনা ও বিতর্কের আবহেও দেশের প্রতি আস্থার বার্তা দিয়ে রাবাডার অন্তর্ভুক্তি, ক্রিকেটবিশ্বে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া।
চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগ চলাকালীন জমা দেওয়া ডোপ পরীক্ষার রিপোর্টে রাবাডার শরীরে কোকেনের উপস্থিতি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাঁকে এক মাসের জন্য নির্বাসিত করা হয়। আইপিএলের গোটা এপ্রিল মাস মাঠের বাইরে ছিলেন তিনি। যদিও তাঁর আইনজীবীরা আদালতে প্রমাণ করেন, রাবাডা নিয়মিত মাদক সেবন করেন না এবং সামান্য পরিমাণে, ভুলবশত কোকেন নিয়েছিলেন।
এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইন। তাঁর মতে, রাবাডার মতো একজন খেলোয়াড়কে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো উচিত নয়। কিন্তু দক্ষিণ আফ্রিকা বোর্ড সেসব উপেক্ষা করে রাবাডার ওপর ভরসা রেখেছে। নেতৃত্বে থাকছেন টেম্বা বাভুমা। রাবাডা ছাড়াও পেস আক্রমণে রয়েছেন এনগিডি, জানসেন, মুল্ডার এবং কর্বিন বশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার দাপট ছিল নজরকাড়া। ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালের টিকিট কেটেছে তারা। প্রথমবার এই প্রতিযোগিতার ফাইনালে খেলতে নামবে তারা। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার (৬৭.৫৪%) বিরুদ্ধে তাদের সামনে বড় পরীক্ষাই অপেক্ষা করছে।
দক্ষিণ আফ্রিকার দলে আইপিএলে ছন্দে থাকা রিকেলটন, স্টাবস এবং বেডিংহ্যামেরাও রয়েছেন। ফাইনালের আগে রাবাডার অন্তর্ভুক্তি নিয়ে যতই বিতর্ক থাক, দক্ষিণ আফ্রিকা বুঝিয়ে দিল— প্রতিভা এবং প্রয়োজন, বিতর্কের চেয়েও বড়।







