খেলাধুলা

ধোনিকে টপকে ইতিহাস পন্থের! চোট সারিয়েই কলম্বো টেস্টে নতুন নজির

কব্জিতে চোট পাওয়ায় মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। এরপর ঋষভ পন্থ আদৌ ব্যাট করতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সব আশঙ্কা উড়িয়ে সোমবার কলম্বো টেস্টে ব্যাট হাতে ফেরেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান। শুধু মাঠেই ফেরেননি, ব্যাট হাতে দাপট দেখিয়ে ভেঙে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনির ঐতিহাসিক রেকর্ডও।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন পন্থ। শেষ চারটি টেস্ট ইনিংসের মধ্যে তিনটিতেই তাঁর ব্যাট থেকে এসেছে অর্ধশতরান। শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্টে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পথে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি।

বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ২৫০০ রান পূর্ণ করা প্রথম ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান হয়ে গেলেন পন্থ। এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন ধোনি। বিদেশ অথবা নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলে তাঁর সংগ্রহ ছিল ২৪৯৬ রান। সেই রেকর্ডই এদিন নিজের নামে করে নিলেন পন্থ।

বিদেশের মাটিতে টেস্টে পন্থের ব্যাটিং গড় প্রায় ৪২। সেখানে ধোনির গড় ছিল ৩২.৮৪। ভারতীয় উইকেটকিপারদের মধ্যে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি রান করার তালিকায় ফারুখ ইঞ্জিনিয়ার রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর সংগ্রহ ১২০৯ রান। ১১০৯ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সৈয়দ কিরমানি।

কলম্বো টেস্টের প্রথম দিনে হাতে চোট লাগায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল ২৮ বছরের পন্থকে। কিন্তু দ্বিতীয় দিনে ফের ব্যাট করতে নেমে ৬৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন তিনি। শ্রীলঙ্কার বোলারদের চাপে ফেলে ধ্রুব জুড়েলের সঙ্গে গড়েন ১১২ রানের গুরুত্বপূর্ণ জুটি।

ধোনির আরও একাধিক রেকর্ডও এখন পন্থের নাগালের মধ্যে। ধোনি ৯০টি টেস্টে ৪৮৭৬ রান করেছিলেন। পন্থ ইতিমধ্যেই ৫২টি টেস্টে ৩৭২৫ রান করে ফেলেছেন। ব্যাটিং গড়ের বিচারে অবশ্য প্রাক্তন অধিনায়কের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি।

টেস্ট কেরিয়ারে ধোনির ঝুলিতে ছিল ৬টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফসেঞ্চুরি। অন্যদিকে পন্থ ইতিমধ্যেই ভারতীয় উইকেটকিপারদের মধ্যে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির মালিক। তাঁর নামের পাশে রয়েছে ৮টি শতরান এবং ২১টি অর্ধশতরান। ফলে ধোনির একের পর এক নজির ছাপিয়ে ভারতের সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন পন্থ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.