এক দশক আগেও এমন ছবি ছিল কল্পনার বাইরে—ভারতীয় ফুটবলে বর্ষসেরা ফুটবলারের মুকুট উঠবে এক বাঙালির মাথায়। আর তাও সেই বাঙালি, যিনি মোহনবাগান সুপার জায়ান্টসের অধিনায়ক হয়ে আইএসএলের লিগ শিল্ড ও কাপ জয়ের পথে দলকে নেতৃত্ব দিয়েছেন। শুভাশিস বসুর হাতে সেই সম্মান তুলে দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। এক ঐতিহাসিক মরসুমের পর, এ যেন বাঙালি ফুটবলপ্রেমীদের কাছে আর এক রকম বিজয়ের স্বীকৃতি।
শুধু শুভাশিস নন, মোহনবাগানের আর এক যোদ্ধা গোলরক্ষক বিশাল কাইথ পেলেন বর্ষসেরা গোলকিপারের খেতাব। গোটা মরসুম জুড়ে তার অসাধারণ প্রতিরোধ আইএসএল শিরোপার নেপথ্যে বড় হাতিয়ার হয়ে উঠেছিল। এর পাশাপাশি, জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল টানা দ্বিতীয় বছর সেরা কোচের স্বীকৃতি পেলেন, আর মহিলা বিভাগে এই পুরস্কার পেলেন শ্রীভূমির সুজাতা কর—আই লিগে প্রথমবার খেলেই যিনি দলকে পৌঁছে দিয়েছেন তৃতীয় স্থানে।
এছাড়াও উঠে এসেছে আগামী প্রজন্মের নাম—সেরা উঠতি পুরুষ প্রতিভা গোয়ার ব্রাইসন ফার্নান্দেস এবং মহিলা বিভাগে থোইবিসানা চানু। ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলথ হয়েছেন সেরা মহিলা ফুটবলার। পানথোই চানু পেয়েছেন বর্ষসেরা মহিলা গোলকিপারের পুরস্কার। বর্ষসেরা রেফারি নির্বাচিত হয়েছেন বেঙ্কটেশ আর।
সব মিলিয়ে, ২০২৪-২৫ ফুটবল মরসুমের পুরস্কার বিতরণ অনুষ্ঠান যেন প্রতিভা, পরিশ্রম আর আবেগের এক মহাসঙ্গম হয়ে উঠল।







