পূর্ব মেদিনীপুর জেলায় আবারও বড় ধাক্কা খেল বিজেপি। সম্প্রতি হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের তৃণমূলে যোগদানের পর এবার তমলুক ব্লকে ২৫ জন বিজেপি কর্মী ও নেতৃত্ব দলবদল করলেন। মঙ্গলবার তমলুক ব্লকের শ্রীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য শম্ভুনাথ পাত্র সহ আরও ২৪ জন তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে এবং তৃণমূলের ব্লক নেতৃত্বদের উপস্থিতিতে তাঁরা ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন। শম্ভুনাথ পাত্র জানিয়েছেন, “বিজেপির পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। কিন্তু কোনও সাড়া মেলেনি। শুভেন্দু অধিকারীর একনায়কতন্ত্র ও হিন্দুত্ববাদী রাজনীতি মেনে নিতে পারিনি। আমাদের দেশ সর্বধর্মকে সম্মান দেয়। তাই আজ বিজেপির সঙ্গ ত্যাগ করলাম।”
এই দলবদলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ালেও, বিজেপি অবশ্য গুরুত্ব দিতে নারাজ। তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি আশীষ কুমার মণ্ডল বলেন, “শম্ভুনাথ পাত্র বহুবার দল পরিবর্তন করেছেন। তিনি একজন ধান্দাবাজ। এমন লোক দল ছাড়লে বিজেপিরই মঙ্গল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিই জয়লাভ করবে এবং শ্রীরামপুর ২ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা লিড নেব।”
এই ঘটনার মাধ্যমে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সাংগঠনিক জোর কতটা বাড়ছে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।







