২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কাড়ার চেষ্টা করেছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। চোখে নীল আইশ্যাডো, নাটকীয় হেয়ারস্টাইল, ক্রিস্টালের হেয়ারব্যান্ড এবং অফ শোল্ডার গাউনে রঙিন মেলবন্ধন, সব মিলিয়ে এক ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্ট পেশ করেছিলেন তিনি। কানে মানানসই ঝুমকাও ছিল তাঁর সাজের অঙ্গ।
ফ্যাশনের শহর ফ্রান্সে পৌঁছে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের এই চেষ্টায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। প্রায় সাড়ে চার লক্ষ টাকার ক্লাচ হাতে থাকলেও, উর্বশীর সাজ মেনে নিতে পারেননি অনুরাগীদের একাংশ। বর্তমান ফ্যাশনে ‘নো মেকআপ লুক’ যেখানে ট্রেন্ড, সেখানে উর্বশীর অতিরিক্ত রূপসজ্জা কটাক্ষের জন্ম দেয়। কেউ তাঁর সাজকে বলেন ‘জঘন্য’, কেউ আবার মন্তব্য করেন,”উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো।” এমনকি, কেউ কেউ ‘এআই’ বলে বিদ্রুপ করতেও ছাড়েননি। আবার অনেকেই দাবি করেছেন,”এই পোশাকটি ২০১৮ সালের আইকনিক ঐশ্বর্য রাইয়ের কানস লুকের মতো।”
প্রসঙ্গত, ১৩ মে থেকে শুরু হয়েছে ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসব, চলবে আগামী ১০ দিন ধরে। তবে এই গ্ল্যামারাস আয়োজনেও উর্বশীর সাজ-রুচির প্রশ্ন তুলে দিলেন সমালোচকরা।







