ভারতীয় রেলযাত্রীদের ভ্রমণ আরও মসৃণ করার জন্য রেলের তরফ থেকে নেওয়া হল কিছু নতুন নিয়ম। রেলের তরফ থেকে জানানো হয়েছে, সাধারণ টিকিটধারীরা এসি বা স্লিপার কোচে প্রবেশ করতে পারবে না। এমনকি কর্তব্যরত নন এমন রেল কর্মী, বুকিংবিহীন যাত্রী, অননুমোদিত বিক্রেতা এবং ব্যবসায়ীদেরও এই নিয়মের অধীনে স্লিপার এবং এসি কোচে প্রবেশ নিষিদ্ধ। এই নতুন নিয়ম ১৫ মে থেকে শুরু করলো ভারতীয় রেল।
এই নিয়ম বুকিং করা যাত্রীদের জন্য সত্যিই সুখবর। কারণ বিশেষ উৎসবের সময়গুলিতে বুকিং এবং এসি কোচেও সাধারণ টিকিটধারীরা বিঘ্ন ঘটায়। এই নতুন নিয়ম সেই সমস্যার সমাধান করে দেবে এক নিমেষেই। অতিরিক্ত ভিড়, নিরাপত্তার অভাব কিংবা খারাপ ভ্রমণের অভিজ্ঞতা থেকে বিরত রাখবে এই নিয়ম। তবে এই পদক্ষেপে সাধারণ ট্রেনের টিকিটের ভ্রমণকারীরা নয়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন। ওয়েটিং লিস্টে থাকা ভ্রমণকারীদের উদ্দেশ্যে বিকল্প ভ্রমণের পথ অবলম্বনের পরামর্শ দিয়েছে ভারতীয় রেল। এই নতুন নিয়ম অননুমোদিত প্রবেশ রোধ করে, রেলওয়ে নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণের মান উন্নত করার আশা রাখে।







