বৃহস্পতিবার সকালে হক দাবি করে ফের আন্দোলনে নামলেন চাকরিহারারা। দীর্ঘদিন ধরে তাঁরা শান্তিপূর্ণ আন্দোলনে অনশন করলেও, এদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আধ ঘণ্টারও কম সময়ে, সমস্ত বাধা টপকে বিকাশভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা।
কলকাতা পুলিশ আগেই প্রস্তুত ছিল। কাঁদানে গ্যাস, জলকামান, ব্যারিকেড—সবই মজুত ছিল। কিন্তু আন্দোলনকারীদের জেদের কাছে হার মানে সব প্রতিরোধ। লোহার গেট ভেঙে মাটিতে ফেলে, স্লোগান দিতে দিতে তাঁরা এগিয়ে যান বিকাশভবনের ভিতরের দিকে।
চাকরিহারাদের দাবি, তাঁরা ভাতা চান না, চান ন্যায্য চাকরি। তাঁদের বক্তব্য, যোগ্যতা থাকা সত্ত্বেও সরকার তাঁদের প্রতারণা করেছে। ‘রিভিউ পিটিশন’ নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। যোগ্য-অযোগ্য তালিকাও প্রকাশ করেনি বিকাশভবন বা আচার্য সদন।
এই তালিকা অবিলম্বে প্রকাশ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতেই আন্দোলন। পুলিশ আধিকারিকরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ব্যারিকেড ভাঙা থেকে শুরু করে ধস্তাধস্তি পর্যন্ত।
এক আন্দোলনকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, “এটা কিছুই নয়। আমরা নবান্নের ১৪ তলার গেট ভাঙব। যোগ্যদের তালিকা বাঁচাতেই হবে।”
ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।







