যানজটের ঝামেলা এড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগের সুযোগ দিতে দার্জিলিংয়ে রোপওয়ে চালুর পরিকল্পনা করছে পর্যটন দপ্তর। পাশাপাশি সুন্দরবনের নদীপথে পর্যটকদের আকর্ষণ বাড়াতে বিলাসবহুল প্রমোদতরী বা রিভার ট্যুরিজম চালুর ভাবনাও রয়েছে। দিঘা, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে নবদ্বীপ—রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পর্যটন দপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে এই সমস্ত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, অর্থসচিব-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে পর্যটন দপ্তরের কাজকর্ম নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। দপ্তরের অধীনে থাকা সমস্ত সম্পত্তির পরিকাঠামো আধুনিকীকরণের পাশাপাশি বিভিন্ন সহযোগী দপ্তরের মধ্যে আরও ভালো সমন্বয়ের উপর জোর দেওয়া হয়েছে।
পাহাড়ের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে রোপওয়ের পাশাপাশি সমুদ্র ও সমতলের পর্যটনকেন্দ্রগুলিতেও নতুন পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। সুন্দরবনে নদীপথে বিলাসবহুল নৌযাত্রার ব্যবস্থা করার পাশাপাশি দিঘা ও মন্দারমণির মতো জনপ্রিয় সৈকতে পর্যটকদের বিনোদনের জন্য স্পিডবোট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পর্যটকদের বিনোদনের পাশাপাশি নিরাপত্তাকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। সুন্দরবন এবং দিঘা-মন্দারমণি এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে ওয়াটার অ্যাম্বুল্যান্স ও রেসকিউ বোট। পর্যটন দপ্তরের উদ্যোগে নতুন পর্যটনকেন্দ্র গড়ে তোলা এবং বাংলাকে দেশের অন্যতম আকর্ষণীয় ‘ওয়েডিং ডেস্টিনেশন’ হিসেবে তুলে ধরার বিষয়েও বৈঠকে পরিকল্পনা করা হয়েছে। দ্রুত পরিষেবা নিশ্চিত করতে পর্যটন দপ্তরে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়।
বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে দেশের সামনে তুলে ধরতে এবার প্রচারে আরও জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পর্যটন দপ্তরের পরিকাঠামো ও পরিষেবায় সামগ্রিক পরিবর্তনের পাশাপাশি নতুন পরিচয়ের প্রতীক হিসেবে আসছে নতুন লোগো। আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীর পুণ্য তিথিতে সেই লোগো প্রকাশ করা হবে। পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজেই অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়গুলিও তুলে ধরেছেন পর্যটনমন্ত্রী।







