কলকাতা

যাদবপুরে আপাতত বন্ধ উচ্ছেদ অভিযান, আলোচনার পথে রেল-প্রশাসন; স্বস্তিতে হকাররা পাশে থাকার আশ্বাস সৃজনের

মঙ্গলবার গভীর রাতে উচ্ছেদ অভিযানের আশঙ্কায় উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর স্টেশন চত্বর। রেলের তরফে বুলডোজার পৌঁছে যাওয়ার খবর ছড়াতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। তবে দীর্ঘ টানাপোড়েন ও বিক্ষোভের পর আপাতত উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত রাখার আশ্বাস মিলেছে বলে দাবি করেছেন বাম নেতা সৃজন ভট্টাচার্য।

রাতেই ঘটনাস্থলে পৌঁছে বাম কর্মী-সমর্থকরা প্রতিবাদে শামিল হন। তাঁদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে বা বিকল্প জীবিকার সুযোগ না দিয়ে কোনওভাবেই উচ্ছেদ করা উচিত নয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত রেল ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর আপাতত স্বস্তির খবর আসে।

সৃজন ভট্টাচার্য জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে একাধিক দফায় আলোচনা হবে। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্যও শোনা হবে। তিনি বলেন, বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক নয়, এলাকার বহু মানুষের জীবিকা ও ভবিষ্যতের সঙ্গে জড়িত।

বাম নেতৃত্বের দাবি, পূর্ববর্তী বিভিন্ন আদালতের নির্দেশ অনুযায়ী দীর্ঘদিন ধরে বসবাসকারী বা ব্যবসা করে আসা মানুষদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা যায় না। সেই আইনি অধিকার রক্ষায় প্রয়োজনীয় নথি সংগ্রহ করে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতিও চলছে বলে জানান তাঁরা।

অন্যদিকে রেল সূত্রের দাবি, স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকায় বেআইনি দখলদারি সরানোর পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ইতিমধ্যে উচ্ছেদ অভিযান চালিয়ে বহু অস্থায়ী কাঠামো ও দোকান সরানো হয়েছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই যাদবপুরেও অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

তবে মঙ্গলবার রাতের ঘটনার পর আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় হকাররা। আগামী তিন সপ্তাহের আলোচনাই এখন নির্ধারণ করবে যাদবপুর স্টেশন চত্বরের ভবিষ্যৎ সমীকরণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.