খেলাধুলা

আইপিএল ফেরার মুখে পৃথ্বী শ-র “বিশ্রাম” পোস্টে ধোঁয়াশা, উঠছে নানান প্রশ্ন

আইপিএল ফের শুরু হচ্ছে শনিবার, কিন্তু তার আগে মুম্বইয়ের এক সময়ের প্রতিভাবান ওপেনার পৃথ্বী শ-র আচমকা বিশ্রাম চাওয়ার বার্তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে। সোশ্যাল মিডিয়ায় পৃথ্বীর এই সংক্ষিপ্ত বার্তা— “আমার বিশ্রাম চাই”— যেমন ভাবিয়ে তুলেছে তাঁর অনুরাগীদের, তেমনই প্রশ্ন তুলছে তাঁর মানসিক ও পেশাদার অবস্থান নিয়ে। তিনি বর্তমানে কোনও ঘরোয়া কিংবা আন্তর্জাতিক দলে নেই। আইপিএলেও কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে নেয়নি। তাহলে কীসের থেকে এই “বিশ্রাম”?

এক সময় দেশের অন্যতম উদীয়মান প্রতিভা হিসাবে পৃথ্বীকে নিয়ে বিস্তর আশাবাদ তৈরি হয়েছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেশের অধিনায়কত্ব করেছেন, টেস্ট অভিষেকে করেছেন শতরান। কিন্তু অফ ফর্ম, চোট এবং মাঠের বাইরের বিতর্ক তাঁকে পিছিয়ে দেয়। সৈয়দ মুস্তাক আলি ট্রফি-তে শেষবার মাঠে দেখা গিয়েছিল তাঁকে, তারপর থেকেই ছায়ার মধ্যে হারিয়ে যাচ্ছেন এই ক্রিকেটার। এবার সেই সব ছায়া যেন আরও ঘনীভূত হল তাঁর নিজেরই এক অনিশ্চিত পোস্টে।

পাঞ্জাব কিংসের ক্রিকেটার শশাঙ্ক সিংহ, যিনি মুম্বইয়ের হয়ে পৃথ্বীর সঙ্গে খেলেছেন, তিনি বলেছেন, “পৃথ্বীর অনেক ক্ষমতা আছে। শুধু ওকে নিজের জীবনযাত্রা পাল্টাতে হবে। রাতে সময়মতো ঘুম, নিয়মিত অনুশীলন আর খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারলে, আবার জাতীয় দলে জায়গা করে নিতে পারে ও।”

ক্রিকেটবিশ্ব মনে করে, এখনই পৃথ্বী শ-কে হারিয়ে দেওয়ার সময় নয়। বরং যথাযথ পরামর্শ, সহানুভূতি এবং পেশাদার সাহায্য পেলেই ফের একবার ব্যাট হাতে আলো ছড়াতে পারেন তিনি। প্রশ্ন হল, তিনি নিজে সেটা চান কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.