রাজনীতিরাজ্য

খেজুরিতে রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত: বুলু রানী করনের বাড়িতে শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার খেজুরিতে ফের উত্তেজনা রাজনৈতিক মহলে। কিছুদিন আগেই খেজুরির ৫৬ নম্বর জেলা পরিষদের বিজেপি-নির্বাচিত সদস্য বুলু রানী করণ তৃণমূল কংগ্রেসে যোগ দেন জেলা সভাধিপতি উত্তম বারিকের উপস্থিতিতে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ তাঁর বাড়িতে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই সাক্ষাৎ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক অঙ্গনে। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “বিজেপির বহু নেতা-কর্মীকে তৃণমূল কংগ্রেস ভুল বুঝিয়ে দলে টেনেছে। তবে বিধানসভা নির্বাচনের আগেই আমরা তাদের আবার নিজেদের দলে ফিরিয়ে আনবো।”

তিনি আরও বলেন, “খেজুরির মাটিতে বিজেপির সংগঠন শক্তিশালী ছিল এবং থাকবে। সাময়িক বিভ্রান্তি থাকলেও সাধারণ মানুষ ও কর্মীরা আমাদের সঙ্গেই আছেন।”

রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারীর এই সাক্ষাৎ শুধু সৌজন্যমূলক নয়, বরং ভবিষ্যতের কৌশলের অংশ হতে পারে। একদিকে যেখানে তৃণমূলের দখল নিতে চায় খেজুরির গ্রামীণ ভিত্তি, অন্যদিকে বিজেপি তাদের পুরোনো শক্তি ফিরিয়ে আনার চেষ্টায় মরিয়া।

বুলু রানী করণের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি, তবে শুভেন্দুর এই পদক্ষেপ খেজুরির রাজনীতিতে নতুন মোড় আনতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী দিনে এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণ কোনদিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.