গত বছর ‘তুফান’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলা সুপারস্টার শাকিব খান এবার ইদে নিয়ে আসছেন আরও এক নতুন চমক ‘তাণ্ডব’। রবিবার মুক্তি পেয়েছে সিনেমাটির অফিশিয়াল টিজার। মাত্র ১ মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওতেই নজর কাড়লেন শাকিব খান, একদম নতুন রূপে। ভিডিওর শুরুতেই দেখা যায় মুখোশ পরে এক ভয়ঙ্কর রূপে হাজির হয়েছেন শাকিব। কিছুক্ষণের মধ্যেই মুখোশ খুলে বেরিয়ে আসে তাঁর আসল চেহারা, এক সাহসী রুদ্ধশ্বাস অ্যাকশন হিরো। টিজারে শাকিবের পাশাপাশি এক ঝলকে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকেও। তাঁর উপস্থিতি সিনেমাটিতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন দর্শকরা।
‘তাণ্ডব’ পরিচালনা করছেন রায়হান রাফি। প্রযোজনায় রয়েছে তিনটি প্রখ্যাত প্রযোজনা সংস্থা এসভিএফ, আলফা আই এবং চরকি। ঝলক প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিব খান ও পরিচালক রায়হান রাফি। এর আগেও এই পরিচালক-অভিনেতা জুটি ‘তুফান’-এর মতো হিট ছবি উপহার দিয়েছেন। মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিবের সেই জুটি দারুণ প্রশংসিত হয়েছিল। ‘তাণ্ডব’ সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে। জয়া আহসানের উপস্থিতি ছবিতে বাড়তি আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে। ইদে মুক্তি পাওয়া এই ছবি দর্শকদের জন্য এক ভিন্নমাত্রার অ্যাকশন অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই প্রত্যাশা।







