বোলপুরের রাজনৈতিক অঙ্গনে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে অনুব্রত মণ্ডল। সম্প্রতি এক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে এক পুলিশ আধিকারিককে গালিগালাজ এবং তাঁর বাড়ির মহিলাকে অসম্মানের অভিযোগ ওঠে অনুব্রতের বিরুদ্ধে। ওই ঘটনার পর দলের নির্দেশে অনুব্রত লিখিতভাবে ক্ষমা চান। কিন্তু এবার অনুব্রতের ঘনিষ্ঠ অনুগামী গগন সরকার দাবি করেছেন, ভাইরাল হওয়া অডিও ক্লিপটি আসলে এআই (AI)-এর মাধ্যমে তৈরি। তাঁর কথায়, “অনুব্রত মণ্ডল কোনও ফোন কল করেননি, সবটাই এআই-এর কারসাজি।”
তবে প্রশ্ন উঠছে, যদি ফোনকল সত্যিই না হয়ে থাকে, তাহলে অনুব্রত কেন দলের নির্দেশে ক্ষমা চাইলেন? বিরোধীদের অভিযোগ, দায় এড়াতে এখন এআই-এর দোহাই দেওয়া হচ্ছে। গগনের দাবি, “দল যা বলবে অনুব্রত মণ্ডল তাই করবেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। দল তদন্ত করুক, সত্যি সামনে আসুক।”
এই বিতর্কের মাঝেই শনিবার এবং রবিবার, পরপর দু’দিন বোলপুর থানায় হাজিরা দেননি অনুব্রত। আজ তাঁর আইনজীবী এবং গগন সরকার থানায় গেলেও, তিনি নিজে অনুপস্থিত ছিলেন। গগনের কথায়, “অনুব্রতবাবু অসুস্থ, বেড রেস্টে আছেন।” সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গগন বারবার বলেন, “আমি কিছু বলব না।”
তবে বিতর্ক এখানেই শেষ নয়। গগনের কথায়, “এই ঘটনায় বিজেপি এবং দলেরই একাংশ জড়িত থাকতে পারে।” সবমিলিয়ে, ক্ষমা চাওয়া, AI-এর দাবি, এবং থানায় অনুব্রতের অনুপস্থিতি—সব মিলিয়ে এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়িয়েছে।







