নদিয়া জেলার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত চক দিগনগর পঞ্চায়েতের ইটলা তালপুকুর পাড়া এলাকায় নির্মম হত্যার অভিযোগে উত্তাল হয়ে উঠল জনমানস। নিহত ব্যক্তি ৪২ বছর বয়সী বিশ্বজিৎ ভূঁইয়া, যিনি জন্ম থেকেই মূক ও বধির। গতকাল নিখোঁজ থাকার পর আজ তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় এক স্থানীয় চাষের জমি থেকে।
অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিতে গরু ঢোকা নিয়ে প্রতিবেশী প্রভাবশালী ব্যক্তি বাবুসোনা সরকারের সঙ্গে বিবাদ চলছিল বিশ্বজিতের। তাঁর পরিবারের দাবি, এই বিবাদের জেরেই বাবুসোনা সরকার পরিকল্পিতভাবে বিশ্বজিৎকে হত্যা করে। প্রতিবেশীরাও জানিয়েছেন, ঘটনার পর থেকে অভিযুক্ত এবং তাঁর পরিবার পলাতক।
তবে পুলিশের প্রাথমিক বক্তব্য, বিষধর সাপে কাটার কারণে মৃত্যু হয়েছে বলে অনুমান। যদিও পরিবারের দাবি, মাথায় একাধিক গভীর আঘাতের চিহ্ন স্পষ্ট, যা সাপে কামড়ানোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেলেও, এখনো রিপোর্ট হাতে আসেনি।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর সদস্যরা। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে কৃষ্ণনগরের ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে আন্দোলনকারীদের হুঁশিয়ারি—অভিযুক্ত গ্রেপ্তার না হলে আন্দোলন আরও তীব্র হবে।







