জেলা

৪০ কেজি গাঁজা-সহ চারজন গ্রেফতার, তদন্তে পোলেরহাট থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় মাদক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে। পোলেরহাট থানার পুলিশ বুধবার সকালে হাতিশালায় অভিযান চালিয়ে একটি হলুদ ট্যাক্সি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে চারজনকে। ধৃতদের সকলেরই বাড়ি কোচবিহার জেলায়।

সূত্র মারফত খবর পেয়ে পুলিশ হাতিশালায় নজরদারি চালায়। সকালবেলা শিয়ালদহ থেকে আসা একটি হলুদ ট্যাক্সিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তখনই গাড়ির ভিতর থেকে গাঁজাভর্তি কয়েকটি ব্যাগ উদ্ধার হয়। চার অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে চারটি মোবাইল ফোনও।

পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে বৃহত্তর কোনও মাদকচক্র জড়িয়ে থাকতে পারে। ধৃতরা কোথা থেকে এই গাঁজা সংগ্রহ করেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। পোলেরহাট থানার তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ঘটনার সময় এলাকায় উপস্থিত এক দোকানদার জানান, “সকালে দোকানে বসেছিলাম। হঠাৎ দেখলাম পুলিশ চেকিং করছে। ওই ট্যাক্সিটাকে আটকায়, আর চারজনকে নামিয়ে নিয়ে যায়।” অভিযুক্তদের সঙ্গে থাকা ট্যাক্সিচালককে জিজ্ঞাসাবাদে জানানো হয়েছে, “৭০০ টাকা ভাড়ায় চার যুবক গাড়ি ভাড়া করেছিল। ব্যাগে কী ছিল, জানি না।”

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তদন্তে সামনে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.