মুর্শিদাবাদের রানিনগর সীমান্ত দিয়ে বৈধ অনুমতি ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ। সীমান্ত সংলগ্ন একটি মাঠে সন্দেহজনকভাবে সাতজনকে ঘোরাফেরা করতে দেখে জওয়ানদের সন্দেহ হয়। এরপর নজরদারি চালিয়ে তাঁদের আটক করা হয়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ধৃতদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। তাঁদের কাছে ভারতে প্রবেশের বৈধ নথিপত্র সম্পর্কে জানতে চাওয়া হলে সন্তোষজনক উত্তর মেলেনি বলে অভিযোগ। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতদের গন্তব্য ছিল চেন্নাই। সেখানে শ্রমিক হিসেবে কাজ করার পরিকল্পনা ছিল তাঁদের। সীমান্ত পার হওয়ার পর কীভাবে তাঁরা চেন্নাই যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এর পাশাপাশি, তাঁদের সঙ্গে কোনও দালাল বা পাচারচক্রের যোগাযোগ ছিল কি না, সীমান্ত পারাপারে কেউ সাহায্য করেছিল কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর রানিনগর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতেও অপরিচিত ব্যক্তিদের গতিবিধির উপর বিশেষ নজর রাখছেন নিরাপত্তাকর্মীরা। ধৃতদের পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।







