গত বুধবার দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশে যাত্রা করা ইন্ডিগোর ৬ই২১৪২ ফ্লাইটটি মারাত্মক আবহাওয়ার মুখোমুখি হয়ে দুর্ঘটনার শিকার হয়। ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ শুক্রবার এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিবরণ প্রকাশ করেছে। পিটিআই-র সূত্রে জানা যায়, শ্রীনগর পৌঁছানোর সময় বিমানটির ‘নাকের অংশ’ ভেঙে যায়, তবে সকল যাত্রী নিরাপদ আছেন।
বিবৃতিতে জানানো হয়, বিমানটি পঠানকোটের কাছে তীব্র শিলাবৃষ্টি এবং বজ্রগর্ভ মেঘের মধ্যে পড়ে। এই পরিস্থিতি এড়াতে পাইলট প্রথমে ভারতীয় বায়ুসেনার নর্দার্ন কন্ট্রোলে বাঁদিকে পথ বদলের অনুমতি চান। কিন্তু বায়ুসেনা অনুমতি দেয়নি। এরপর পাকিস্তানের লাহৌর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে খারাপ আবহাওয়া এড়াতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার অনুমতি চাওয়া হয়, যা খারিজ করা হয়।
দুই দিক থেকেই অনুমতি না পাওয়ায় পাইলট বাধ্য হয়ে বজ্রগর্ভ মেঘের মধ্য দিয়ে যাত্রা চালানোর সিদ্ধান্ত নেন। মেঘে প্রবেশের পর বিমানটি ভয়াবহভাবে দুলতে শুরু করে, উচ্চতায় ওঠা-নামা করতে থাকে এবং গতিও অনিয়মিত হয়। পাইলট ‘অটোপাইলট’ বন্ধ করে ‘ম্যানুয়ালি’ বিমান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভারত পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, যা এখনও খুলে দেয়া হয়নি। এর ফলে ইন্ডিগোর বিমানটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের অনুমতি পায়নি, যা দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিজিসিএ এই দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত তদন্ত করছে এবং দ্রুত রিপোর্ট প্রকাশ করবে বলে জানিয়েছে।







