মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়ার অভিযোগে উত্তর কলকাতার বিজেপি জেলা সম্পাদক কুশল পাণ্ডেকে আটক করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে বড়বাজার থানার বাইরে। অভিযোগ, শুক্রবার বিকেলে এলাকায় কুশল পাণ্ডে নিজেই আক্রান্ত হন তৃণমূল সমর্থকদের হাতে। সেই ঘটনার লিখিত অভিযোগ জানাতে গিয়ে, উল্টে তাঁকেই পাঁচ ঘণ্টা থানায় বসিয়ে রাখে পুলিশ, এমনই দাবি বিজেপির।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বড়বাজার থানার বাইরে জমায়েত শুরু করেন বিজেপি সমর্থকরা। নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ ও নেত্রী মীনা দেবী। তাঁদের অভিযোগ, কুশল পাণ্ডে চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। সেই কারণেই তাঁকে টার্গেট করা হয়েছে।
সজল ঘোষ বলেন, “ও তো চোর-ডাকাত নয়। পুলিশের পোশাক পরে তোলা তোলে না। একটাই দোষ, ও বিজেপি করে।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যদি আলোচনার মাধ্যমে কুশলকে মুক্তি না দেওয়া হয়, তবে শনিবার থেকে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি।
ঘটনার জেরে বড়বাজার থানা চত্বরে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। তবে বিজেপির তরফে স্পষ্ট, কুশলের মুক্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।







