বিদেশ

এবছরই বাংলাদেশে ফিরব, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনব: শেখ হাসিনা

বাংলাদেশে ফেরার ইঙ্গিত দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরেই দেশে ফিরবেন এবং গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন।

হাসিনার দাবি, আওয়ামী লীগ শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম শক্তি। তিনি বলেন, সংখ্যালঘুদের উপর হামলা মানে দেশের স্বাধীনতার চেতনাকেই আঘাত করা। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ও বিএনপি রাজনৈতিক প্রতিহিংসার পথে হাঁটছে। তাঁর কথায়, মিথ্যা মামলা, গ্রেফতার এবং রাজনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে আওয়ামী লীগের কণ্ঠরোধ করা হচ্ছে। পরাজয়ের আশঙ্কাতেই দলটিকে নিষিদ্ধ করার চেষ্টা হয়েছে বলেও দাবি করেন তিনি।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে শেখ হাসিনা বলেন, অনেকেই বাড়িছাড়া, কারও বিরুদ্ধে একাধিক মামলা, কেউ আহত বা অঙ্গহানির শিকার হয়েছেন, আবার অনেকেই পরিবারের সদস্যদের হারিয়েছেন। তবুও আওয়ামী লীগের মনোবল ভাঙেনি বলেই তাঁর দাবি। তিনি বলেন, “আমি দূরে থাকলেও বাংলাদেশের মানুষের পাশেই আছি। দলের প্রতিটি কর্মীর আত্মত্যাগ, সাহসিকতা ও ত্যাগ আমি অনুভব করেছি।”

দলকে আরও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি গ্রাম থেকে ওয়ার্ড স্তর পর্যন্ত মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ দেন। সংখ্যালঘু, দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর উপরও জোর দেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে সংরক্ষণবিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তাঁর প্রত্যর্পণ চাইলেও, সেই বিষয়ে ভারত এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।

বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়ে হাসিনা বলেন, মানুষের অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং অবাধ ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই তিনি আবার দেশের মাটিতে ফিরতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.