বলিউডে ফের শোকের ছায়া। মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। শুক্রবার রাতে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘আর… রাজকুমার’, ‘সন অফ সর্দার’ এবং ‘জয় হো’ খ্যাত এই অভিনেতা। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড।
মুকুল দেবের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পরিবার বা তাঁর ভাই, অভিনেতা রাহুল দেবের পক্ষ থেকেও প্রথমে মৃত্যুর কারণ জানানো হয়নি। তবে অভিনেতার বান্ধবী, অভিনেত্রী দীপশিখা নাগপাল সোশ্যাল মিডিয়ায় মুকুলের মৃত্যুতে শোকপ্রকাশ করে জানিয়েছেন, গত ৮-১০ দিন ধরে মুকুল দেব আইসিইউতে ভর্তি ছিলেন এবং গত রাতে তাঁর অবস্থার অবনতি হয়। শনিবার বিকেল ৫টায় দিল্লিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
দিল্লির এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করা মুকুল দেব ১৯৯৬ সালে ‘মুমকিন’ ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেন। বলিউডে তাঁর প্রথম ছবি ছিল সুস্মিতা সেনের বিপরীতে ‘দস্তক’। হিন্দি ছাড়াও বাংলা, পাঞ্জাবি, কন্নড়, ইংরেজি ছবিতেও অভিনয় করেছেন তিনি। খলনায়কের চরিত্রে তাঁর অভিনয় ছিল দর্শকপ্রিয়। ‘ঘরওয়ালি উপরেওয়ালি’, ‘কাশিশ’, ‘ইশহ…ফির কোই হ্যায়’, ‘কুমকুম -এক পেয়ারা সা বন্ধন’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন। তাঁর শেষ ছবি ‘অন্ত’ মুক্তি পায় ২০২২ সালে।
মুকুল দেবের প্রয়াণে মনোজ বাজপেয়ী, বিন্দু দারা সিংহ-সহ বলিউডের একাধিক তারকা শোক প্রকাশ করেছেন। মনোজ বাজপেয়ী মুকুলের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। মুকুল ছিলেন আমার একজন খুবই ঘনিষ্ঠ বন্ধু,ভাই,একজন শিল্পী যার উষ্ণতা এবং আবেগ অতুলনীয়। খুব তাড়াতাড়ি চলে গেলেন তিনি,আমার থেকে খুবই ছোট তিনি।”মুকুলের মৃত্যুতে বলিউড একজন প্রতিভাবান অভিনেতাকে হারাল,যিনি তাঁর শক্তিশালী অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এছাড়া,রাহুল দেব তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মুকুলের শেষকৃত্যের বিস্তারিত তথ্য শেয়ার করে লিখেছেন যে,“আমাদের ভাই মুকুল দেব গত রাতে নয়াদিল্লিতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তিনি তার মেয়ে সিয়া দেবকে রেখে গিয়েছেন। মুকুলকে আমাদের দুই ভাই বোন রেশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও ওঁকে মনে করবে। আজ বিকেল ৫টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে দিল্লিতেই। দয়া করে সকলে আমাদের সঙ্গে যোগ দিন।”







