২৩ মে বক্স অফিসে মুখোমুখি হয়েছিল দুটি আলোচিত ছবি সুনীল শেট্টি ও সূরজ পাঞ্চোলি অভিনীত ‘কেশরী বীর’ এবং রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত ‘ভুল চুক মাফ’। বহু প্রতীক্ষিত ‘কেশরী বীর’ ছবিটির বাজেট ছিল প্রায় ৬০ কোটি টাকা। কিন্তু ছবিটির প্রথম দিনের বক্স অফিস কালেকশন আশানুরূপ হলো না। মাত্র ২৫ লক্ষ টাকায় শুরু ‘কেশরী বীর’-এর যাত্রা।
প্রথম দিনেই বড় ধাক্কা খেল ‘কেশরী বীর’। তথ্য অনুযায়ী, ছবিটি ওপেনিং ডে-তে মাত্র ২৫ লক্ষ টাকা আয় করেছে। হিন্দি ভাষার দর্শকদের মধ্যে থেকেও আয় হয়েছে মাত্র ৬.৬২ শতাংশ। দিনের বিভিন্ন শো থেকে পাওয়া শতাংশও খুবই কম সকালে ৩.৪২%, বিকেলে ৭.২৬%, সন্ধ্যায় ৫.৯৮% এবং রাতে ৯.৮১%। ফিল্ম বিশেষজ্ঞদের মতে, এত কম ওপেনিং একটি বড় বাজেটের ছবির ক্ষেত্রে অত্যন্ত হতাশাজনক। যদি এই ধারা বজায় থাকে, তবে ‘কেশরী বীর’ হতে পারে চলতি বছরের সবচেয়ে বড়ো ফ্লপ ছবিগুলোর একটি।
অন্যদিকে, একই দিনে মুক্তিপ্রাপ্ত ‘ভুল চুক মাফ’ ছবিটি প্রথম দিনেই দারুণ সাড়া ফেলেছে। ছবিটি ওপেনিং ডে-তে আয় করেছে ৬.৭৫ কোটি টাকা। রাজকুমার রাওয়ের অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রথম দিনের সাফল্য দেখে আশা করা হচ্ছে, সপ্তাহান্তে ছবিটির আয় আরও বাড়বে। এই মুহূর্তে বক্স অফিস যুদ্ধে অনেকটাই এগিয়ে ‘ভুল চুক মাফ’। এখন দেখার বিষয়, সপ্তাহান্তে ‘কেশরী বীর’ ঘুরে দাঁড়াতে পারে কি না।







