বলিউডে ফের বিতর্কের ঝড়। এইবার কেন্দ্রে দীপিকা পাড়ুকোন এবং পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন ছবি ‘স্পিরিট’। ছবিটি থেকে দীপিকার সরে যাওয়া ঘিরে ইন্ডাস্ট্রির অন্দরমহলে তীব্র চর্চা শুরু হয়েছে। গুঞ্জন, ‘অপেশাদার’ শর্ত এবং চাহিদার জন্যই নাকি বাদ পড়েছেন তিনি। তবে এই বিতর্কের মধ্যেই এক রহস্যঘেরা বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী। গত মঙ্গলবার স্টকহোমে কার্টিয়ার ব্র্যান্ডের এক ইভেন্টে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে লাল গালিচায় হাঁটার ফাঁকে এক সাক্ষাৎকারে বললেন,”আমি মনে করি, যা আমাকে ভারসাম্য দেয়, তা হল সততা আর সত্যিকারের নিজেকে প্রকাশ করা। জটিল বা কঠিন পরিস্থিতিতেও নিজের অন্তরের কণ্ঠস্বর শুনে, মন থেকে যে সিদ্ধান্তে শান্তি পাই, সেটাকেই আঁকড়ে ধরি।”
দীপিকার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। অনেকেই মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমেই ‘স্পিরিট’ বিতর্কে ঘুরিয়ে জবাব দিয়েছেন অভিনেত্রী। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন,”কথা দিয়ে যেন শেল মারা!” আরেকজনের মন্তব্য,”উফফ! কী বললেন!” এদিকে অন্য একটি প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, দীপিকা নাকি জানিয়ে দেন তিনি দিনে ছয় ঘণ্টার বেশি শুটিং করবেন না। তাছাড়া, তাঁর এজেন্সির তরফ থেকে কনট্রাক্টে পরিবর্তনের দাবি জানানো হয়। এমনকি, শুটিং ১০০ দিনের বেশি হলে অতিরিক্ত পারিশ্রমিকের কথাও তোলা হয়।
এই প্রেক্ষিতে, ছবিতে তৃপ্তি ডিমরির অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন,”আমি যখন কোনও অভিনেতাকে গল্প শোনাই, তখন শতভাগ বিশ্বাস রাখি। এটা একপ্রকার অলিখিত চুক্তিপত্র। কিন্তু এটা করে তুমি আসলে প্রমাণ করে দিলে তুমি কেমন মানুষ।
‘স্পিরিট’ ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন প্রভাস এবং তৃপ্তি ডিমরি। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে এটি তৃপ্তির দ্বিতীয় কাজ। প্রভাসকে দেখা যাবে এক পুলিশ অফিসারের চরিত্রে। বর্তমানে চলছে ছবির প্রি-প্রোডাকশন। যদিও বিতর্ক বাড়ছে, দীপিকা যেন নিজস্ব ছন্দেই এগিয়ে চলেছেন। নিজের সিদ্ধান্তে আস্থা রেখে, শান্ত অথচ দৃঢ় বার্তায় তিনি বুঝিয়ে দিলেন তিনি একজন তারকা, যিনি আপস করতে জানেন না। এখন দেখার পালা, এই বিতর্ক কোথায় গিয়ে থামে।







