পরিচালক বিবেক অগ্নিহোত্রী সিনেমা সহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে সমাজ মাধ্যমে বেশ সক্রিয়, সেখানে ধরা পড়ে তার প্রতিবাদী সত্তার। এবার তবে পরিচালক সোজা আক্রমণ করলেন ‘বলিউড’-কেই! তার কথায় বলিউড নাকি নিজেই তার ধ্বংসের কারণ হয়ে উঠেছে! কিন্তু হটাৎ কেন এমন বক্তব্য তার?
শুক্রবার তিনি সংবাদপত্রে প্রকাশিত ‘ব্লাডি ড্যাডি’ সিনেমার একটি পোস্টারের ছবি টুইট করেন। শাহিদ কাপুর অভিনীত ছবিটি শুক্রবারেই মুক্তি পেয়েছে, ওটিটি মাধ্যমে। অনেকেই প্রশ্ন করতে পারেন এতে সমস্যাটা কোথায়? একাধিক ছবি মুক্তি পাচ্ছে এভাবে! বিনামূল্যে প্রদর্শন করা হবে এই ছবি। এখানে গোল দেখছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পরিচালক।
শাহিদ কাপুর বলিপাড়ার একজন জনপ্রিয় অভিনেতা, ফলে স্বাভাবিকভাবেই তার চলচ্চিত্রের বাজেটও কম নয়। তিনি এই চলচ্চিত্রের জন্য ৪০ কোটি টাকা নিয়েছেন বলে জানা গেছে, যা মোট বাজেটের বিপুলতার একটা অস্পষ্ট ধারণা দেয়। পরিচালক বিবেক একটি উচ্চ বাজেটের চলচ্চিত্র বিনামূল্যে দেখানোর কৌশলের সমালোচনা করেছেন, তার বিশ্বাস এটি শিল্পের জন্য ক্ষতিকর।
একজন টুইটার ব্যবহারকারী পরিচালককে বলেন ওটিটি প্ল্যাটফর্মগুলো একটি ছোট ফি কিংবা কয়েক মাস বিনামূল্যে কনটেন্ট সরবরাহ করে প্রথমে দর্শক টানতে চায়। তারপর সেই দর্শকদের থেকেই মুনাফা কামানোর জন্য দেখাবে বিজ্ঞাপন আর সাথে নেবে সাবস্ক্রিপশন ফি! প্রত্যুত্তরে ব্যঙ্গ করে পরিচালক প্রশ্ন করেন ‘‘তার মানে এই দু’শো কোটি টাকা আসলে ওদের বিজ্ঞাপনের খরচ?’’ বেশ কিছু লোক বিবেকের এই দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন প্রকাশ করেছেন।







