রাজনীতিরাজ্য

অমিত শাহর তোপে কাঁপল রাজনীতি, পাল্টা জবাব তৃণমূলের

নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভা থেকে ফের রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে তিনি বলেন, “রিগিং ছাড়া বাংলায় ভোট হলে তৃণমূলের জামানত জব্দ হবে। ২০২৬-এ বিজেপি বাংলায় সরকার গড়বে।”

অমিত শাহের দাবি, “মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমানে বাংলায় দুর্নীতি, অনুপ্রবেশ, নারী নির্যাতন ও বিস্ফোরণের ঘটনা বেড়েছে। হিন্দুদের উপর অত্যাচারও ক্রমাগত বাড়ছে।”

সভা থেকে ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গও তোলেন শাহ। তাঁর কথায়, “দিদি জঙ্গিদের জন্য কষ্ট পাচ্ছেন, তাই অপারেশন সিঁদুরের বিরোধিতা করছেন। বাংলার মহিলারা তাঁকে সিঁদুরের প্রকৃত দাম বুঝিয়ে দেবেন।”

এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিকেলে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাসী। তাই বিজেপিকে স্টেডিয়ামে সভার অনুমতি দেওয়া হয়েছে। অন্য রাজ্যে হলে কি এটা সম্ভব হতো?”

সঙ্গে ছিলেন সাংসদ সাগরিকা ঘোষ ও কাকলি ঘোষ দস্তিদার। কেন্দ্রীয় বকেয়া, অপারেশন বাংলা এবং অনুপ্রবেশ নিয়েও বিজেপিকে পাল্টা আক্রমণ করেন তাঁরা। চন্দ্রিমার প্রশ্ন, “পহেলগামে জঙ্গি ঢুকল কীভাবে? সীমান্ত নিরাপত্তা কেন্দ্রের দায়। সেখানে ব্যর্থতা ঢাকতেই কি বাংলাকে নিশানা করছেন শাহ?”

২০২৬ সালের ভোটের আগে বাংলার রাজনৈতিক ময়দানে এই ভাষ্য যে আরও অনেক সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে, তা বলাই যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.