উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগের পর ফের পাহাড়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে দার্জিলিংয়ে থেকে ত্রাণ ও পুনর্গঠনের কাজ তদারকি করছেন তিনি। আর ঠিক সেই সময়েই হঠাৎই সেখানে উপস্থিত হলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক করেন শোভন। এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল জল্পনা—তবে কি আবার তৃণমূলে ফিরছেন তিনি?
২৫ সেপ্টেম্বর কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর থেকেই শোভনকে ঘিরে গুঞ্জন তীব্র হয়েছিল। সেদিন প্রায় তিন ঘণ্টা ধরে কথা হয় তাঁদের মধ্যে। বৈঠকের পর শোভন নিজেই জানিয়েছিলেন, তিনি দলে সক্রিয়ভাবে কাজ করতে চান। তাঁর কথায়, “অভিষেক যেভাবে পরিকল্পনা করে এগোচ্ছেন, তা দেখেই দেখা করতে চেয়েছিলাম। আলোচনা ভালো হয়েছে।”
এরপরই আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এই সাক্ষাৎ নতুন করে উস্কে দিয়েছে রাজনীতির পারদ। যদিও মমতা তাঁকে ডেকেছিলেন নাকি শোভন নিজেই দেখা করতে গিয়েছেন, তা স্পষ্ট নয়।
একসময় তৃণমূলের অন্যতম মুখ ছিলেন শোভন চট্টোপাধ্যায়। মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে গেরুয়া শিবিরের সঙ্গেও তাঁর দূরত্ব বাড়ে। তা সত্ত্বেও প্রতি বছর ভাইফোঁটার সময় মমতার বাড়িতে তাঁর উপস্থিতি নজর কাড়ে। এখন প্রশ্ন একটাই—দার্জিলিঙের এই সাক্ষাৎ কি কেবল সৌজন্য সাক্ষাৎ, নাকি রাজনীতির মঞ্চে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়?







