ভুয়ো ভোটার এবং ভোটদানের হার নিয়ে লাগাতার অভিযোগের মুখে অবশেষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবার থেকে নির্বাচন চলাকালীন রিয়েল টাইম ভোটদানের হার প্রকাশ করবে কমিশন, যা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর হবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং ভোটারদের আস্থা ফিরিয়ে আনা।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি দু’ ঘণ্টা অন্তর প্রিসাইডিং অফিসাররা ECINET অ্যাপের মাধ্যমে সরাসরি ভোটদানের হার আপলোড করবেন। নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রভিত্তিক ভোটদানের হার আপলোড করা হবে। এই নতুন ব্যবস্থা ভোট গণনা এবং ফলাফল প্রকাশের প্রক্রিয়াকে আরও দ্রুত এবং বিশ্বাসযোগ্য করে তুলবে বলে মনে করা হচ্ছে।
যদিও পোলিং এজেন্টদের ফর্ম 17C দেওয়ার নিয়ম অপরিবর্তিত থাকছে। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর এবং হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরেই ভোটদানের হার প্রকাশ নিয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলি সরব হয়েছিল। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসও ভুয়ো ভোটার নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল। এই বিতর্ক রাজনৈতিক মহলে এখনও বিদ্যমান।
বিহার ও পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। এই পরিস্থিতিতে কমিশনের এই নতুন সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কমিশনের এই পদক্ষেপ কি ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে এবং ভুয়ো ভোটারের অভিযোগ কমাতে সক্ষম হবে, সেটাই এখন দেখার বিষয়।







