শ্রাবণের শেষ লগ্নে বৃষ্টির দাপট যেন কিছুতেই কমার নাম নেই। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে সোমবার, ১৭ অগস্ট, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
স ক্রাবচেয়ে বেশি নজরে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় এই তিন জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। ফলে নিচু এলাকা প্লাবিত হওয়া, রাস্তা জলমগ্ন হয়ে পড়া এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া ও হুগলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির জেরে নদী ও জলাধারগুলিতে জলস্তর বাড়তে পারে। নদী তীরবর্তী এবং নিচু এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না কলকাতাও। সোমবার শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে শহরের একাধিক নিচু এলাকায় ফের জলজট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায়। ডিভিসি ইতিমধ্যেই জল ছাড়তে শুরু করেছে। ফলে দামোদর অববাহিকার নিচু এলাকাগুলিতে উদ্বেগ বেড়েছে।
আবহাওয়া দফতরের নজরে রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তও। সেটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নতুন সপ্তাহের শুরুতেই দুর্যোগের মেঘ কাটার কোনও স্পষ্ট ইঙ্গিত এখনও নেই।







